আজিজের দুই পদ নিয়ে রিটের চুড়ান্ত শুনানি বৃহস্পতিবার
বিতর্কিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের একইসঙ্গে দুটি সাংবিধানিক পথে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের চুড়ান্ত শুনানি হবে বৃহষ্পতিবার।
রিট আবেদনটির শুনানির জন্য বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, টি এইচ খান, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ড. শাহদীন মালিককে অ্যামিকাস কিউরি নিয়োগ করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়।
এদিকে বিচারপতি সুলতান হোসেন খানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈধতা নিয়ে দায়ের করা রিটটির ওপর চুড়ান্ত শুনানির জন্যও বৃহষ্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্টের অপর একটি বেঞ্চ।
বিচারপতি এম এ আজিজ বর্তমানে কোন সাংবিধানিক পদে না থাকায় এই রিট আবেদনের আর কার্যকারিতা আছে কিনা-আদালতের এই প্রশ্নের জবাবে রিটকারী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু বলেন, একই ব্যক্তির একইসঙ্গে দুইটি সাংবিধানিক পদে থাকা নিয়ে যে সাংবিধানিক ও আইনি বিতর্ক সৃষ্টি হয়েছিল তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন।
বিচারক পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করায় একইসঙ্গে দুই পদে থাকার বৈধতা নিয়ে ২০০৫ সালের ৯ জুন হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়।
রিট আবেদনটির পরিপ্রেক্ষিতে ওইবছর ১৮ জুন বিচারপতি শাহ আবু নাঈম মো. মোমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলনিশি জারি করে এক ব্যক্তির একইসঙ্গে দুইটি সাংবিধানিক পদে থাকা কেন অবৈধ ঘোষনা করা হবে না তা সরকার, নির্বাচন কমিশনার ও বিচারপতি আজিজের কাছে জানতে চায়। রুলনিশি জারির পরদিনই তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ওই বেঞ্চ ভেঙে দেন।
এদিকে বিচারপতি সুলতান হোসেন খানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈধতা নিয়ে দায়ের করা রিটটির ওপর চুড়ান্ত শুনানির জন্য বৃহষ্পতিবার দিন ধার্য করেছে বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম সলিমউল্লাহ রিটটি দায়ের করেছিলেন।
