২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর ট্রেন মেঘনা এক্সপ্রেসে মঙ্গলবার রাতে যাত্রীবেশী ডাকাতরা হামলা চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। তাদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ১৫ জন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁদুপর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 07:02 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পরে চাঁদপুর রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

চাঁদপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘনার একটি প্রথম শ্রেণীর কামরা থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।”

ডাকাতদের ছুরিকাঘাতে আহত যাত্রী দ্বীন মোহাম্মদ ও ইয়াসমিন ঝর্ণা চাঁদপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা জানান, আহত অন্য যাত্রীরা বিভিন্ন স্থানে নেমে গেছেন।

দীন মোহাম্মদ বলেন, “ট্রেনটি মঙ্গলবার বিকেল ৫ টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। রাত সোয়া ৯টার দিকে শাহরাস্তি উপজেলার লাকসাম ও চিতোষী স্টেশনের মাঝামাঝি এলাকায় আসার পরই হঠাৎ ট্রেনটির গতি কমে যায়। এরপর যাত্রীবেশে প্রথম শ্রেণীর একটি কামরায় (৭২৯-খ) ওঠে ছয় জন ডাকাত। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে তারা কামরাটির দরজা আটকে যাত্রীদের ছুরিকাঘাত করে লুটপাট শুরু করে।”

তিনি জানান, ট্রেনের স্টাফদের সহযোগিতায় এই ডাকাতি হতে পারে।

ইয়াসমিন ঝর্ণা বলেন, “কামরার মধ্যে ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রায় ১৫ জন যাত্রী আহত হন। ২০ মিনিট ধরে নির্বিঘেœ ডাকাতি চলে। রাত পৌনে ১০টার দিকে মেহের স্টেশনের আউটারে ট্রেনের গতি কমে এলে ডাকাতদল নেমে যায়।

ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের কনস্টেবল হারুনুর রশিদ ও শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির সময় আমরা অন্য একটি কামরায় ছিলাম।”

ডাকাতদের সহযোগিতা করার সন্দেহে ট্রেনের অ্যাটেনডেন্ট খোরশেদ আলমকে মারধোর করেন যাত্রীরা। পরে তাকে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

চাঁদপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন জানান, এ ঘটনায় বুধবার ভোরে চিতোষী স্টেশন থেকে মো. আব্দুস সালাম (৩৫), আবুল হোসেন (৩০), মো. সফিকুল ইসলাম বাবু (২৫) ও আলী হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সালামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর, আবুল হোসেনের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সফিকুল ইসলাম বাবুর বাড়ি চট্টগ্রামের খুলশীতে এবং আলী হোসেনের বাড়ি মাদারীপুরের কালকিনী উপজেলায়।