জরুরি ক্ষমতা আইনেও জামিনের আবেদন বিবেচনা করতে পারবে হাইকোর্ট
জরুরি ক্ষমতা আইনে অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে। তবে জামিন দেওয়া বা না দেওয়ার এক্তিয়ার থাকবে আদালতের বিবেচনাপ্রসুত।
রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালত রায়ে বলেছে, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারায় যেকোনো অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টে জামিনের আবেদন করতে পারবে। তবে তার জামিন পাওয়া বা না পাওয়া নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।
২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জামিনের ওপর ঢালাও সংশোধনী আনা হয়। জামিনের ওপর কড়াকড়ি আরোপ করে জরুরি ক্ষমতা বিধিমামলার দ্বিতীয় সংশোধনীর পর একটি তেল পাচার সংক্রাšত মামলার আসামী খুলনার জনৈক মাইজউদ্দিন শিকদার জামিন চাইলে এলে জামিন দেওয়া না দেওয়ার প্রশ্নটি হাইকোর্টে প্রথম উত্থাপিত হয়।
আদালত এসময় ড. কামাল হোসেন, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, বিচারপতি আবদুল মালেককে এমিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ করে তাদের শুনেন।
আইনজীবীরা অভিমত দিয়েছিলেন, জরুরি ক্ষমতা আইনে বলা হয়েছে, এ আইনে বিচারাধীন মামলায় ‘কোনো আদালত বা ট্রাইব্যুনালে জামিনের আবেদন করা যাবে না’। সুুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও জামিনের আবেদন করা যাবে না এমন কোনো কথা ওই আইনে বলা হয়নি। ফলে হাইকোর্ট বা আপিল বিভাগ এর আওতায় পড়বে না। তাছাড়া সরকার গত ৮ এপ্রিল জরুরি ক্ষমতা আইন সংশোধন করে জামিনের বিষয়টি শিথিল করেছে। সংশোধনীতে সুপ্রিম কোর্টকে জামিনের ব্যাপারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়নি।
জবাবে সরকারপক্ষের অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, জরুরি ক্ষমতা আইনে ‘কোনো আদালত’ বলতে যে কোনো বিচারিক আদালতকে বোঝানো হয়েছে। সুতরাং নিম্ন আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ সবই এই নিষেধাজ্ঞার আওতাধীন।
পাঁচদিন শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার রায় দেওয়া শুরু করে রোববার তা শেষ করলেন আদালত।
শুনানিতে অতিরিক্ত এটর্নি জেনারেলকে সহায়তা করেন ডেপুটি এটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।
