বস্তিবাসীদের জন্য মিরপুরে ১৪টি ছয়তলা ভবন
রাজধানীর বস্তিবাসীদের পুনর্বাসনে দুটি আবাসন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। মহাখালী ও মিরপুরে এ দুটি আবাসন প্রকল্পে মোট এক হাজার ৩১৮ পরিবারের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে মিরপুরে ১৪টি ছয়তলা ভবন নির্মাণ হবে। আর মহাখালীতে হবে তিন শতাধিক টিনের ঘর।
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বস্তিবাসী পুনর্বাসন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় এক সভায় এ বিষয়ক প্রস্তাব উত্থাপন করা হয়। মন্ত্রণালয় চূড়ান্ত করার পর প্রস্তাবটি অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব এ এস এম রাশিদুল হাই, যুগ্ম সচিব আকতার আহমেদ ও আয়েশা বেগম এবং বস্তিবাসী পুনর্বাসন প্রকল্পের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সালমা শফি ও বেসরকারি সংস্থা কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) এর প্রতিনিধি আব্দুল কাইয়ুম।
মন্ত্রণালয় সূত্র জানায়, মহাখালীর কড়াইল বস্তি এলাকায় পূর্ত বিভাগের ৩ দশমিক ৪৭ একর জমিতে প্রায় ৭ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে প্রথম প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন করবে কাপ। মন্ত্রণালয় এর কাজের তদারকি করবে। সম্পূর্ণ বৈদেশিক সাহায্য ও স্থানীয় এনজিওদের টাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ প্রকল্পে প্রতিটি ২৪০ বর্গফুট আয়তনের মোট ৩১০টি টিনসেড ঘর নির্মাণ করা হবে।
দ্বিতীয় প্রকল্পটি হবে মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকের পূর্ত বিভাগের ওয়ার্কশপ এলাকার ৩ দশমিক ২২ একর জমির ওপর। এখানে ১৪টি ছয় তলা ভবন নির্মাণ হবে, আর ফ্ল্যাট হবে এক হাজার আটটি। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে ৩৪ কোটি ১৮ লাখ টাকা আসবে বৈদেশিক সাহায্য এবং স্থানীয় এনজিওদের কাছ থেকে। বাকি অর্থের যোগান দেবে সরকার। কাপ এর সহযোগিতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সূত্র জানায়, আগামী জুলাই মাস থেকেই দুটি প্রকল্পের কাজ শুরু হতে পারে।
