আরও ১৭টি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে সরকার
১৭টি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৩ সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৪৯টি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বৈঠকে আরও ৪৯ টি সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য একটি তালিকা উপস্থাপন করা হয়। এর মধ্য থেকে ১৭ টি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।”
অর্থ উপদেষ্টা বলেন, “অন্য শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক বৈঠক করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
১৭টি প্রতিষ্ঠানের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে রয়েছে রাঙ্গামাটি টেক্সটাইল মিলস লিমিটেড, নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলস লিমিটেড, মনোয়ার জুট মিলস, টাঙ্গাইলের কটন মিলস, মাগুরা টেক্সটাইল মিলস, খুলনার দৌলতপুর জুট মিলস, সিরাজগঞ্জের কউমি জুট মিলস, ব্রাহ্মণবাড়িয়া সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টার, নরসিংদীর হ্যান্ডলুম সার্ভিস সেন্টার, নোয়াখালীর টেক্সটাইল ফ্যাসিলিটিজ সেন্টার, রাজশাহী রেশম কারখানা এবং ঠাকুরগাঁও রেশম কারখানা।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে ঢাকা লেদার কোম্পানি লিমিটেড, পাবনার নর্থ বেঙ্গল পেপার মিলস লিমিটেড, চট্টগ্রামের কেমিকেল কমপ্লেক্স, কর্ণফুলির রেয়ন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এবং বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেড।
প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী বলেন, “১৯৯৩ সালে কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৪৯ প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আরও ৪৯ টির তালিকা করা হয়েছে। যার মধ্যে ১৭টির ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি বলেন, এরই মধ্যে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০ টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া হয়েছে। এতে সরকারের আয় হয়েছে প্রায় ৬৯৮ কোটি টাকা। তিনি আরও বলেন, আগামী চার মাসের মধ্যে ১৭টি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া সম্ভব হবে।
