পঞ্চমবারের মতো পিছিয়ে গেল এরশাদের সোনা চোরাচালান মামলার রায়
এরশাদের অসুস্থতার কারণে তার বিরুদ্ধে সোনা চোরাচালান মামলার রায় ঘোষণা পঞ্চমবারের মতো পিছিয়ে গেল।
এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান সোমবার এ মামলার রায় ঘোষণার নতুর তারিখ ঘোষণা করেন ১২ জুন।
রায়ের নথি বড় বলে প্রথম দুই দফা এবং পরে আরও দুবার বিচারক ছুটিতে থাকায় এ মামলার রায় প্রদান চার মাসেরও বেশি সময় পিছিয়ে গেল। এর আগে গত ২৭ মার্চ বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণা চতুর্থবারের মত পিছিয়ে যায়।
১১টায় এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম ধানমন্ডির সিটি জেনারেল হাসপাতালের ডা. মোঃ শফিউল্লাহ এর স্বাক্ষরিত একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন। তাতে বলা হয় এরশাদের বুকে ব্যথা। হাজিরা হওয়ার জন্য তিনি এসময় আদালতের কাছে দরখাস্ত জমা দেন।
৬ ফেব্রুয়ারি মামলাটির রায় ঘোষণার কথা থাকলেও রায় লেখা সম্পুর্ণ হয়নি; এ কারণ দেখিয়ে বিচারক ১৫ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করেছিলেন। একই কারণ দেখিয়ে দ্বিতীয় বারের মতো তারিখ ঠিক করা হয় ৬ মার্চ এবং এদিনও বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষনার দিন ২৭ মার্চ ধার্য করা হয়।
১৯৯০ সালের ১৭ জুলাই জিয়া আন্তজার্তিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন হাজার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় ওই বছরেরই ৩০ আগস্ট অভিযোগপত্র দেওয়া হয়। ওই অভিযোগ পত্রের ভিত্তিতে এরপরের বছর বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ও ২৫ (ঘ) ধারার অভিযোগ এনে সম্পূরক অভিযোগ পত্র দেওয়া হয়। একই বছরের ১৫ অক্টোবর এরশাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। তবে হাইকোর্ট এরশাদের ক্ষেত্রে মামলার বিচার কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। এ অবস্থায় ১৯৯২ সালের ১৪ মে দুই বিদেশি নাগরিককে যাবজ্জীবন ও অন্য দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়ে রায় দেওয়া হয়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত ১৯৯৯ সালের ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির তারিখ ধার্য হয়।
মামলাটিতে এরশাদের অংশটির যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ২২ জানুয়ারি।
