২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিলেন জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, “বাংলাদেশে প্রায় সব শিল্পই প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু ভবিষ্যতে এর ওপর নির্ভর করা যাবে না। তাই আমাদেরকে বায়ু ও সৌর বিদ্যুৎ, জৈব জ্বালানিসহ বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে কয়লা সম্পদ উন্নয়নের ওপরও গুরুত্ব দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জ্বালানি খাত: সামনে এগিয়ে চলা’ শীর্ষক দিনব্যাপী এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জার্মান টেকনিক্যাল কো-অপারেশন যৌথভাবে এ সিম্পোজিয়ামের আয়োজন করে।

বিদ্যুৎ সচিব একেএম জাফর উল্লা খানের সভাপতিত্বে সিম্পোজিয়ামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের প্রকল্প সমন্বয়ক এরিখ অটো গম ও পেট্রোবাংলার চেয়ারম্যান ড. শেখ আবদুর রশীদ।

ড. আনোয়ার হোসেন বলেন, “জ্বালানি শক্তি বৃদ্ধি ও এর কার্যকর ব্যবহার ছাড়া দারিদ্র্য দূর কিংবা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। জ্বালানি খাতকে এগিয়ে নিতে হলে আমাদেরকে আণবিক বিদ্যুৎ ও টেকসই শক্তির ব্যবহারসহ মানব সম্পদের উন্নয়নের জন্য সমন্বিত উপদেষ্টা কমিটি গঠন করতে হবে।”

তিনি বলেন, “জ্বালানি খাতের উন্নয়নের জন্য আমাদেরকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার ও ব্যাপক গবেষণা করতে হবে।”

উপদেষ্টা তপন চৌধুরী জানান, দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলোতে যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে ২০১৯ সাল পর্যন্ত চাহিদা মেটানো যাবে। এজন্য সরকার নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করার পাশাপাশি কয়লা সম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সরকার নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।

দিনব্যাপী এই সিম্পোজিয়ামে বক্তারা বাংলাদেশে জ্বালানির উৎস, ভবিষ্যৎ, নীতিমালা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা করেন। ১৯৯৬ সালের জ্বালানি নীতিমালা পরিবর্তন এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রতি বছর এই নীতিমালা পুনর্মূল্যায়নের প্রস্তাব দেন তারা।

জ্বালানি বিভাগের সচিব এএমএম নাসির উদ্দিন, পিডিবির সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন কামাল, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইউএনডিপির কনসালটেন্ট ইফতিখার হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম, ড. কাজী খলীকুজ্জামান আহমদ, অধ্যাপক বদরুল ইমামসহ বিশ্বব্যাংক ও এডিবির প্রতিনিধিরা এ সিম্পোজিয়ামে অংশ নেন।