টায়ার ফেটে বছরে মারা যায় ৭৫০ জন
গাড়ির টায়ার ফেটে দেশে প্রতি বছর সাড়ে সাতশ লোক মারা যায়। পুরোনো টায়ার সংস্কার করে ব্যবহার করার কারণেই মূলত এ ধরনের দুর্ঘটনা ঘটে। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্র বলছে, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মারা যায় ১০ থেকে ১২ হাজার মানুষ। এর সাড়ে সাত শতাংশ মারা যায় টায়ার ফেটে।
“গাড়ির টায়ার ফেটে প্রতিবছর ৭৫০ জন ব্যক্তির মৃত্যু হচ্ছে। এই হার বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুহারের সাড়ে সাত শতাংশ,” সমীক্ষা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মাযহারুল হক।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কিছু ব্যক্তি গাড়ির পুরনো টায়ার সংগ্রহ করে। এরপর ওই টায়ারের উপর পাতলা রাবার লাগিয়ে নতুন করে ব্যবহার উপযোগী করে বিক্রি করা হয়। এই টায়ার ‘রিট্রেডেট টায়ার’ নামে পরিচিত।
এস আর ট্রাভেলস নামে একটি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রীষ্মকালে রিট্রেডেট টায়ার ফেটে অনেক দুর্ঘটনা ঘটে। পাতলা রাবার দিয়ে মেরামত করায় বৃষ্টি ও গরমে এটি সহজেই নষ্ট হয়ে যায়।”
সড়ক ও জনপদের বিভাগের এক সমীক্ষা বলছে, ‘অন্তত একজনের মৃত্যু ঘটে’-এরকম প্রতিটি সড়ক দুর্ঘটনায় ১৩ লাখ আট হাজার টাকা আর্থিক ক্ষতি হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (প্রকৌশল) হুয়ায়ুন রশিদ খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানি রিট্রেডেট টায়ার ব্যবহারের ফলে অনেক দুর্ঘটনা ঘটছে। কিন্তু মোটরযান অর্ডিন্যান্সে এর ব্যবহার নিষিদ্ধ না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি না।”
বাস ও ট্রাক ব্যবসায়ীরা জানান, অর্থ বাঁচানোর জন্য তারা রিট্রেডেট টায়ার ব্যবহার করছেন।
এস আর ট্রাভেলসের মালিক ও জিএম সিরাজ বলেন, “টায়ার খরচের ৮০ শতাংশ কমাতে আমরা রিট্রেডেট টায়ার ব্যবহার করি।”
পুলিশ প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৬ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৬৮৩টি। এরমধ্যে বাস দুর্ঘটনা ঘটেছে ১৭০৭টি। যা মোট দুর্ঘটনায় ৪৬ শতাংশ। ট্রাক দুর্ঘটনা ছিল ১২২৩টি যা মোট হিসাবের ৩৩ শতাংশ।
