২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভবনে ফাটল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লক ভবনের বেশ কয়েকটি পিলারে ফাটল সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার ওই ভবনে থাকা কমপক্ষে ৩২ টি পরিবার এবং ৮০ জন শিক্ষার্থীকে সরিয়ে নিয়ে পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া পাঁচ তলা ভবনটির উপরের অংশ এবং আশপাশে ‘চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ’ নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯৫৪ সালে তখনকার ‘হোটেল শাহবাগ’ ভবনটি পিজি হাসপাতালের জন্য অধিগ্রহণ করা হয়। পরে এর নিচ তলায় গড়ে তোলা হয় ‘শহীদ ডা. মিলন মিলনায়তন’।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মিলনায়তনের মোট ১২ টি পিলারের সবগুলোরই বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। সেখানে কর্মরত নির্মাণ কর্মী ও হাসপাতালের ফোরম্যান মোঃ রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির ফাউন্ডেশনের কলামে গ্রেটবিম না থাকায় এ ফাটল ধরেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, বুয়েটের বিশেষজ্ঞ দল চার দিন আগে ঘটনাস্থল পরিদর্শন করে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী ভবনটিতে বসবাস ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ভবনটির বাসিন্দারা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় হঠাৎ করেই গ্যাস, পানি ও বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন তারা।

ভবনের চতুর্থ তলার সিনিয়র স্টায় নার্স জহুরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ বছর ধরে পরিবার নিয়ে এখানে থাকছি। এখন হঠাৎ করে কোথায় গিয়ে আশ্রয় নেবো তা ভেবে কূল পাচ্ছি না।”