নোয়াখালীতে ইসলামী ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক আটক
ঘুষ নেওয়ার সময় যৌথ বাহিনী বৃহস্পতিবার সকালে হাতে-নাতে আটক করেছে ইসলামী ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের মাঠ পরিদর্শক শেখ মো. আবু হানিফকে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, সদর উপজেলার পূর্ব চর শল্লকিয়ায় মহিউদ্দিন মিয়া জামে মসজিদে গণশিক্ষা কেন্দ্র চালুর জন্য শেখ মো. আবু হানিফ নগদ তিন হাজার টাকা দাবি করেন মসজিদ কর্তৃপক্ষের কাছে। এই টাকা জোগাড় করতে না পারায় কেন্দ্রটি চালু হচ্ছিল না।
বিষয়টি মসজিদের ইমাম মো. হানিফ যৌথবাহিনীকে জানান। তাদের কথামতো ঘুষ দেওয়ার সময় যৌথ বাহিনী ওই পরিদর্শককে হাতেনাতে ধরে ফেলে।
এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে।
