৭ দিনই খোলা থাকবে দোকানপাট: আনোয়ারুল ইকবাল
সাতদিনই দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতির অবনতির কারণ এবং বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্ন করার প্রয়োজনে সন্ধ্যা সাতটার পরে সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্যবসায়ীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিলেন। কিন্তু অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ছে এবং সমাজের নিম্ন আয়ের লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সাতদিনই দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক এবং হকার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।
উপদেষ্টা বলেন, “বৈঠকে দোকান এবং হকার মালিক সমিকির নেতারা রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানালে সপ্তাহে সাতদিনই দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য শ্রম আইন অনুযায়ী দোকান কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে।”
তিনি আরও বলেন, ছুটির দিনে হলিডে মার্কেটগুলো আগের জায়গাতেই বসবে। এ ছাড়া আরও ১২টি স্থানে হলিডে মার্কেট চালু করা হবে।
রোগী থাকা পর্যন্ত চিকিৎসকদের চেম্বার খোলা রাখা যাবে বলেও তিনি জানান।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “২৫ জানুয়ারি থেকে সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধ রাখার ফলে ব্যবসায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আটটা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছি সরকারের কাছে।”
তিনি জানান, তাদের দারি পরিপ্রেক্ষিতে সরকার সাতদিনই দোকানপাট খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যখর হলে সামান্য হলেও ক্ষতি পুষিয়ে যাবে।
