ঋণ ও বিল খেলাপিদের অংশ নেওয়া নিষিদ্ধ করে নির্বাচনী আইনের খসড়া চূড়ান্ত
নির্বাচনী আইনের (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) ৩৯টি ধারা সংস্কার করে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। সেইসঙ্গে বিদেশি সাহায্য পাওয়া এনজিও পরিচালক এবং ঋণ ও বিল খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার বিকালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সিইসি বলেন, “খসড়ায় প্রত্যেক রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধনবিহীন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের আওতা বহির্ভুত থাকবে।”
নির্বাচনী প্রচারণায় এনজিওর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “যেসব এনজিও বিদেশি সাহায্য পায়, সেসব এনজিওর পরিচালকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদেরকে অংশগ্রহণ করতে হলে নির্বাচনের তিন বছর আগে এনজিও ছাড়তে হবে।”
ঋণখেলাপি প্রসঙ্গে সিইসি বলেন, “ঋলখেলাপিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে বেশকিছু সংস্কার রাখা হয়েছে খসড়ায়। এক্ষেত্রে ব্যাংকের যে শাখা থেকে ঋণ নেওয়া হয়েছে ওই শাখা থেকে ঋণগ্রহিতার হিসাব নেওয়া হবে।”
তিনি বলেন, “চূড়ান্ত খসড়াটি নিয়ে রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করা হবে। এ কারণে ঘরোয়া রাজনীতি চালু করার প্রস্তাব দিয়েছি আমি।”
এসময় উপদেষ্টা মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, “ঘরোয়া রাজনীতি চালু করার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের প্রস্তাবটি অবশ্যই বিবেচনা করবো আমরা। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আগামী শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি জানান।
কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।”
তিনি জানান, ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র এবং ই-গভর্নেন্স তৈরির কাজ একসঙ্গে চলছে। জাতীয় স্বার্থেই এই কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পাঁচ সদস্যবিশিষ্ট দেশি-বিদেশি পরামর্শক নিয়োগ করা হয়েছে। বিদেশি পরামর্শকরা আগামী এক সপ্তাহের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবেন। এ ব্যাপারে ইউএনডিপি যাবতীয় সহায়তা করছে।
তিনি আরও জানান, এই তিনটি কাজ শেষ করতে কতদিন লাগবে আগামী দুই মাসের মধ্যে তা বোঝা যাবে।
