স্বর্ণের ভরি ৭৪ টাকা!
দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণীতে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার স্ত্রীর নামে থাকা ১শ’ ৩৫ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছে ১০ হাজার টাকা। এ হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৭৪ দশমিক সাত পয়সা!
সোমবার সকালে কমিশনের পরিচালক তানকিন হক সিদ্দিকীর কাছে মায়ার পক্ষে সম্পত্তির হিসাব দাখিল করেন তার স্ত্রী পারভীন চৌধুরী।
এই বিবরণীতে মায়ার নামে থাকা ১৫ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছে দেড় হাজার টাকা। এছাড়াও মায়ার নামে রাজধানীর ওয়ারি এলাকায় ৫ তলা একটি বাড়ি, ডেমরার মাতুয়াইলে ৪৫ শতাংশ, জোয়ার সাহারায় ৪৬ শতাংশ, উত্তরায় মডেল টাউনে ৫ কাঠা, গ্রামে দোতলা বাড়িসহ ২২ বিঘা এবং গাজীপুরে ১৬ দশমিক ৫ শতাংশ জমি রয়েছে।
বিবরণীতে মায়ার নামে চৌধুরী গার্মেন্টস-এর ৫ লাখ টাকার শেয়ার, ১৬ লাখ টাকা দামের একটি গাড়ি, একটি পিস্তল, একটি শর্টগান, নগদ ৭৫ হাজার টাকা এবং একটি একাউন্ট নম্বরের কথা উল্লেখ করা হয়েছে।
মায়ার স্ত্রীর নামে উত্তরায় ৫ কাঠা জমি জমিসহ ৪ তলা একটি বাড়ি, ১৩৫ ভরি স্বর্ণালঙ্কার, মরিয়ম টাওয়ারে ৩ হাজার বর্গ ফুটের একটি ফ্লাট, উত্তরার ১০ নম্বর সেক্টরে একটি প্লট, বসুন্ধরায় ১০ কাঠা জমি, গাজিপুরে ২৮ দশমিক ৫৩ শতাংশ জমি, দুটি প্রাইভেট কার, দুলাখ টাকার শেয়ার, রিনারয় সিএনজিতে চার লাখ টাকার শেয়ার, নগদ ও ব্যাংকে ৩৯ লাখ ৪৯ হাজার টাকা এবং ওরিয়েন্টাল ব্যাংকে ৩০ লাখ টাকা ঋণের কথা উল্লেখ করা হয়েছে।
সম্পত্তির বিবরণীতে পারভীন চৌধুরী তার নামে থাকা স্বর্ণালঙ্কারের দাম ১০ হাজার টাকা উল্লেখ করেছেন।
মায়ার মেয়ে রিফাত সাঈদের নামে গাজীপুরে ১৬ শতাংশ জমি, বসুন্ধরায় ৩ দশমিক ৩৩ কাঠা জমি এবং ৩টি ব্যাংকে একাউন্ট আছে। তবে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি।
বিবরণীতে মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরীর নামে উত্তরায় ৪ কাঠা, নিকুঞ্জে ৪ দশমিক ৪ কাঠা, গাজীপুরে ২৮ দশমিক ৫৩ শতাংশ, গুলশানে ৫ কাঠা, বসুন্ধরায় ১০ কাঠা জমি, একটি ফ্লাট, একটি দোকান এবং ৪০ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করা হয়েছে। স্বর্ণের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা।
মায়ার আরেক ছেলে রাশেদুল ইসলামের নামে নিকুঞ্জে ৬ দশমিক ৮ কাঠা, বসুন্ধরায় ১০ কাঠা, গাজীপুরে ৩ দশমিক ৩ শতাংশ জমি, একটি ফ্লাট, বসুন্ধরায় একটি দোকান, একটি প্রাইভেট কার, তিন লাখ টাকার শেয়ার এবং ৩০ ভরি স্বর্ণ যার দাম ৫০ হাজার টাকা দেখানো হয়েছে।
কমিশন গত ১৮ ফেব্রুয়ারি সন্দেহভাজন দুর্নীতিবাজ ৫০ জনের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে তাদের নিজের ও স্ত্রী-সন্তাদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলেছিল। তবে অসুস্থ থাকায় মোফাজ্জল হোসেন চৌধুরীর পক্ষে তার স্ত্রী উচ্চ আদালতের রায় অনুসারে সোমবার কমিশনে সম্পত্তির হিসাব জমা দেন।
