২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ রাজনীতিবিদদের বিকল্প হিসাবে সামরিক বাহিনীর ওপরই আস্থা রাখছে’

জনসাধারণ রাজনীতিবিদদের বিকল্প হিসেবে সামরিক বাহিনীর ওপরই আস্থা রাখছে। দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা নেই। তারা পরস্পর শক্তি প্রদর্শনের খেলায় মত্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স এসোসিয়েশনের ‘রাজনৈতিক উন্নয়নের পুনর্ভাবনা : নিরাপত্তা এবং গণতন্ত্র’ শীর্ষক আঞ্চলিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

দিনব্যাপী সম্মেলনে দু’টি সেশনে বক্তারা দেশের অভ্যন্তরীন রাজনীতি ও নিরাপত্তা নিয়ে পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।

দিনের শেষ সেশনে সাবেক কূটনীতিক ফারুক সোবহান ‘পশ্চিমা সন্ত্রাস বিরোধী অভিযান এবং সামরিক হস্তক্ষেপ’ শীর্ষক প্রবন্ধে বলেন, গত ২শ’ বছরে যুক্তরাষ্ট্র এত অজনপ্রিয় হয়নি। বিশেষ করে মুসলিম সমাজে। এটা কাটাতে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বাড়াতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম হাসান সোহরাওয়ার্দী ‘বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা ও চরমপন্থা : রাজনীতিতে অংশগ্রহণের সমস্যা’ শীর্ষক প্রবন্ধে বলেন, জনগণ চাইলে যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করা যেতে পারে। এ বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা দিতে হবে। যেন তারা শক্তি প্রদর্শনের মোকাবেলায় ম্যাজিস্ট্রেটের অনুমতির অপেক্ষা ছাড়াই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। কারণ জনগণ এখনো রাজনীতিবিদদের বিকল্প হিসেবে সেনাবাহিনীর ওপরই ভরসা রাখে।

তিনি বলেন, দলীয় রাজনীতিতে অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ। সুশীল সমাজ বিভক্ত। রাজনৈতিক নেতারা নিজদলীয় ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখতে গিয়ে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নেতারা আদর্শের জলাঞ্জলি দিয়ে দলত্যাগ করেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা নেই। রাজনীতি ক্ষমতার লড়াই এবং শক্তি প্রদর্শনের খেলায় পরিনত হয়েছে।

সেনাবাহিনীর ‘কাউন্টার টেররজিম’ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন ‘ ইসলামিক মতাদর্শ ও উগ্রবাদ : পরিপ্রেক্ষিত বাংলাদেশ, শীর্ষক প্রবন্ধে বলেন, জেএমবির সহিংসকার্যকলাপ শেষ পর্যন্ত বাংলাদেশে ব্যর্থ হয়েছে। তাদের সহিংস কৌশল জনগণ ব্যাপকহারে প্রত্যাখান করেছে।

সমারিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, আল কায়েদা প্রথমে তত্ত্ব হিসাবে থাকলেও পরে এটা আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়ে। সামাজিক অশান্তি ও রাজনৈতিক দ্বন্দ থাকলে জঙ্গিবাদ নির্মূল করা কঠিন হবে। আগামী দশ বছরে রাজনৈতিক দলগুলোর চরিত্র কেমন হবে তার ওপর জঙ্গিবাদ বন্ধ হবে কিনা সেটা নির্ভর করছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ৭ কোটি ২০ লাখ অবৈধ অস্ত্র আছে। এর মধ্যে ভারতে ৪ কোটি ২০ লাখ, পাকিস্তানে ২ কোটি ৪০ লাখ এবং শ্রীলংকায় ৬০ লাখ অবৈধ অস্ত্র আছে।

এ সেশনে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজের গবেষক নেইলা হোসাইন।

এর আগে সকালের সেশনে সেন্টার ফর ডেভলপমেন্ট অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আতাউর রহমান এবং পাকিস্তানের কলামিস্ট নাইয়ার জায়েদি।

অধ্যাপক আতাউর রহমান বলেন, অভ্যন্তরীন অস্থিতিশীলতার কারণে নিরাপত্তা বিঘিœত হতে পারে। রাজনৈতিক বিভেদ অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলে। হরতাল আত্মঘাতী ব্যাপার।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের ভালবাসা ও ঘৃনার সম্পর্ক। অথচ আমাদের নিরাপত্তার ক্ষেত্রে ভারত অতি গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের সামঞ্জস্য বজায় রাখতে হবে। দক্ষিণ এশিয়ার বিষয়ে বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র ও চীন ক্রমাগত আগ্রহ দেখাচ্ছে। গত শতক ছিল হত্যার শতক। এসময় দু’টি বিশ্বযুদ্ধ হয়েছে।

‘ভারত-মার্কিন কৌশলগত সম্পকর্’ শীর্ষক প্রবন্ধে নাইয়ার জায়েদী বলেন, আমার ধারনা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সব সময়ই গোপন সম্পর্ক ছিল। এটা যুক্তরাষ্ট্রে সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক বিশ্ব সম্পর্কে তথ্য সরবরাহে কাজে লেগেছে।

এ সেশনে আরও বক্তব্য রাখেন কলামিস্ট সাদেক খান, সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার হারুন উর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রোকসানা কিবরিয়া।