২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শেয়ার বাজারে ছাড়তে আগ্রহী টেলিনর

টেলিনর বাংলাদেশের মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের শেয়ার বাজারে ছাড়তে আগ্রহী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার টেলিনরের এক বিবৃতিতে টেলিনর প্রেসিডেন্ট ও সিইও জন ফ্রেডরিক বাকসাস এ আগ্রহের কথা জানান।

টেলিনর গ্রামীণফোনের ৬২ শতাংশ এবং গ্রামীণ টেলিকম বাকি ৩৮ শতাংশের মালিক।

বিবৃতিতে বাকসাস গ্রামীণফোনের বৃহত্তম অংশের মালিকানা বজায় রেখে বাংলাদেশে মোবাইল যোগাযোগের উন্নয়নে আরো ভূমিকা রাখার ব্যাপারে টেলিনরের অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, গত দশ বছর ধরে কার্যক্রম চালিয়ে গ্রামীণফোন এখন এক কোটি ২০ লাখ মানুষকে বিশ্বমানের মোবাইল যোগাযোগ সেবা প্রদান করছে। এই মোবাইল নেটওয়ার্ক ভয়েস ও ডাটা সেবাসহ বাংলাদেশের গ্রাম এবং শহর অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে তার আওতায় এনেছে।

বিবৃতিতে আরো বলা হয়, গ্রামীণফোন সবসময় “ভালো উন্নয়নই ভালো ব্যবসা” এই ধারণার ভিত্তিতে পরিচালিত হয়ে এসেছে। এই ধারণা থেকেই গ্রামীণফোন সব ধরনের আয়ের মানুষের জন্য সুলভ যোগাযোগ সুবিধা প্রদানের জন্য কাজ করে গেছে এবং একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় করদাতায় পরিণত হয়েছে।

টেলিনর প্রেসিডেন্ট ও সিইও জন ফ্রেডরিক বাকসাস বলেন, “শেয়ার বাজারে প্রবেশ করলে গ্রামীণফোনে বাংলাদেশী মালিকানা আরো বাড়বে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এবং গ্রামীণফোনের গ্রাহকদের এই সফল কোম্পানির মালিকানা লাভের সুযোগ সৃষ্টি করা খুবই গুরুত্বপূর্ণ।

বাকসাস বলেন, “বাংলাদেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সেবা এবং বিল প্রদানের সুবিধা নিয়ে যাবার ক্ষেত্রে মোবাইল প্রযুক্তির সম্ভাবনা আমরা সবে দেখতে শুরু করেছি। বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের উৎসাহিত করেছে এবং আমরা আরো বহুদিন আমাদের আইসিটি সহযোগী, এনজিও, সরকারী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, ব্যাংক ইত্যাদির সঙ্গে কাজ করে যেতে চাই যাতে এ দেশের মানুষ একটি বিশ্বমানের মোবাইল যোগাযোগ অবকাঠামো সঙ্গে নতুন নতুন আকর্ষনীয় ও উপকারী মোবাইল সেবা উপভোগ করতে পারে।”