২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিগত দিনের দুর্নীতিতে এদেশ লাইনচ্যুত ট্রেনে পরিণত হয়েছিল: সেনা প্রধান

সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ বলেছেন, বিগত দিনের দুর্নীতিতে এদেশ একটি লাইনচ্যুত ট্রেনে পরিণত হয়েছিল। এই ভারী ট্রেনটিকে সঠিক স্থানে প্রতিস্থাপন করতে হবে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রেন নামক বাংলাদেশের জন্য একজন দক্ষ চালকও প্রয়োজন। যোগ্য এবং দুর্নীতিমুক্ত ব্যক্তিরাই হচ্ছেন সেই দক্ষ চালক। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে এমন যোগ্য ব্যক্তিকে পাওয়া সম্ভব।

সেনা প্রধান বলেন, “১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেলেও শোষণমুক্ত দেশ পাইনি। ৩৬ বছর পর এখন সময় এসেছে। যুদ্ধের সময় আমরা সবাই মিলে যেভাবে এই দেশকে স্বাধীন করেছিলাম এখনও আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলব। দেশকে শোষণমুক্ত করে গড়ে তোলার এখনই প্রকৃত সময়।”

তিনি আরও বলেন, “মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর কোন সুযোগ নেই। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি  হোক তা আমরা চাইও না। সব শ্রেণীর মানুষ ও সেনাবাহিনী মিলে এদেশকে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।”

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আতাউর রহমান জেলায় যৌথবাহিনীর কার্যক্রম সম্পর্কে সেনা প্রধানকে অবহিত করেন।

এর আগে মইন উ আহমেদকে হবিগঞ্জ সার্কিট হাউসে সেনাবাহিনীর হবিগঞ্জ ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুনিরুল ইসলাম আখন্দ জেলায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সেনা প্রধান হবিগঞ্জ সার্কিট হাউসে সেনা সদস্যদের উদ্দেশ্যেও বক্তব্য রাখেন। এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল আবদুল হাফিজ পিএসসি, সামরিক গোয়েন্দা শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ।

বিকালে হবিগঞ্জ সার্কিট হাউসে সেনাবাহিনীর হবিগঞ্জ ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মনির সেনা প্রধানের হবিগঞ্জ সফর সম্পর্কে সাংবাদিকদের জানান।

মইন উ আহমেদ দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে হবিগঞ্জের নতুন স্টেডিয়ামে অবতরণ করেন।

এ সময় তাকে স্বাগত জানান কুমিল্লা সেনানিবাসের আঞ্চলিক কমান্ডার মেজর জেনারেল আবদুল হাফিজ ও হবিগঞ্জ ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম আখন্দ। মত বিনিময় সভা শেষে দুপুর ২টার দিকে তিনি মৌলভী বাজারের উদ্দেশে হবিগঞ্জ ত্যাগ করেন।

এর আগে সকাল সোয়া ১০ টায় সেনা প্রধান ব্রাহ্মণবাড়িয়া সফর করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।