২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পদ্মা নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের করুণ মৃত্যু

পদ্মা নদীতে ডুবে মঙ্গলবার দুই কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী সরকারি ডিগ্রী কলেজের প্রথম বর্ষের কয়েকজন ছাত্র মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে বেড়াতে যায়। মাঝদিয়ার গ্রামের মুন্সিপাড়া বালির ঢিবির কাছে তারা ছবি তুলছিল।

এ সময় তিনজন নদীতে পড়ে যায়। এর মধ্যে রানা (১৯) নামের এক ছাত্রকে তাৎক্ষণিকভাবে জেলেরা উদ্ধার করতে পারলেও অন্য দুজন পানির নিচে তলিয়ে যায়।

এক ঘন্টা পর ঈশ্বরদী উপজেলার ভারইমারী গ্রামের সাইদুল ইসলাম সাদী মাস্টারের ছেলে আব্দুল আলিম ওরফে লিমন (১৮) এবং শেরশাহ রোডের জলিল মাস্টারের ছেলে গোলাম আজিম বিল্লাহ ওরফে মুন্নার (১৮) লাশ ভেসে উঠে।

জেলে ও পুলিশের সহায়তায় লাশ দুটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের এএসপি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহত দুজন একই ক্লাশের ছাত্র এবং তাদের বাবা দুজনই স্কুল মাস্টার ও একে অপরের বন্ধু।

এদিকে মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার হাইখালীতে নির্মাণাধীন ইউনিয়ন পরিষদ ভবনের দেয়াল ধসে একটি শিশু মারা গেছে। 

পুলিশ জানায়, সুজানগর উপজেলার হাটখালী গ্রামের আবু তৈয়বের ছেলে হৃদয় (৮) মঙ্গলবার সকালে হাটখালী ইউনিয়ন পরিষদের ভবনের পাস দিয়ে যাচ্ছিল।

এ সময় নির্মাণাধীন দেয়ালের একটি অংশ তার ওপর ভেঙ্গে পড়ে। তাকে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।