গাজীপুরে নতুন কোনো খামারে বার্ড ফ্লু সংক্রমণ হয়নি
গাজীপুরে রোববার নতুন কোনো খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণের খবর পাওয়া যায়নি। নতুন করে কোনো খামার আক্রান্ত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য পশু সম্পদ কর্মকর্তাদের টিম প্রত্যেক উপজেলায় কাজ করছে।
বার্ড ফ্লু আক্রান্ত খামারের পাশের তিন গ্রাম কাশিমপুর, লতিফপুর ও পানিশাইল এলাকায় রোববার গৃহপালিত মুরগি নিধন করা হয়েছে। এ জন্য অবশ্য মুরগির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়।
জেলার কোনো খামারে অস্বাভাবিক হারে মুরগি মরছে কিনা সেটি দেখার জন্য পশু সম্পদ বিভাগ তিনটি র্যাপিড রেসপন্স টিম (আর আর টি) গঠন করেছে। প্রত্যেক টিমে আছেন দুজন পশু চিকিৎসক।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. কফিল উদ্দিন ভূঁইয়া জানান, শনিবার পর্যন্ত আরআরটি জেলার ৩৮টি খামারের ওপর নজরদারি চালিয়ে বার্ড ফ্লু সংক্রমণের লক্ষণ পায়নি।
জেলা সদরের বাঘের বাজার এলাকায় ইসলাম পোল্ট্রি খামারে মড়ক দেখা গেলে সেখানকার মুরগি পরীক্ষা করা হয়। অবশ্য পশু চিকিৎসক ডা. এম জহিরুল ইসলাম জানান, ইসলাম পোল্ট্রিতে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যায়নি। আমাশয়, গামবুরো ও রাণীক্ষেত রোগে অনেক খামারে মুরগি মারা যাচ্ছে বলে তিনি জানান।
