২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু কী এবং করণীয়

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) মোরগ--মুরগির একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। সাধারণত হাঁস-মুরগি, কবুতর, বনের পাখী ও দেশান্তর থেকে আসা পাখি এ ভাইরাস বহন করে ও ছড়ায়। এই ভাইরাস মোরগ--মুরগির ইনফ্লুয়েঞ্জা (জ্বর) বা ফ্লু সৃষ্টি করে। আর সে কারণেই রোগটিকে বলা হয় বার্ড ফ্লু। এর বিস্তার ঠেকাতে করণীয় সম্পর্কে লিখেছেন রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ববিদ ড. মুশতাক হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 11:03 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানুষ ও পাখির মাঝে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় বাস করে। ভাইরাসটির কোষের গঠন সব সময় পরিবর্তনশীল। ভাইরাসটি পরিবর্তিত হতে হতে যখন পাখি (মুরগি) ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায়ে পৌঁছে তখন তা পাখি (মুরগি) ও মানুষকে রোগাক্রান্ত করে। এ ধরনের সতত পরিবর্তনশীল ভাইরাসের একটি হচ্ছে এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যখন এ বিশেষ ভাইরাসটি বুনো পাখি থেকে খামার বা গৃহপালিত মুরগিতে সংক্রামিত হয়, তখনই খামার ও গৃহপালিত মুরগি আক্রান্ত হয়। আক্রান্ত মুরগি/পাখী হতে ভাইরাসটি যখন মানুষে প্রবেশ করে তখন তা মানুষকেও আক্রান্ত করে। তবে এ আক্রমণ কখনও মৃদু আবার কখনও তীব্র হতে পারে। মৃদু অবস্থায় এ ভাইরাসটি বহুদিন টিকে থেকে হঠাৎ করে তীব্র মহামারী নিয়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

মানুষ থেকে মানুষে এ ভাইরাস সচরাচর ছড়ায় না। তবে যে মুহূর্তেই ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াবার ক্ষমতা অর্জন করবে তখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। এভাবে অতীতে ১৯১৮ ও ১৯৫৭ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মহামারীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। তাই ভবিষ্যতে বিশ্বব্যাপী যেন এ ধরনের মহামারী আবার ছড়াতে না পারে সে জন্য পৃথিবীর প্রতিটি দেশের মতো বাংলাদেশেও প্রতিরোধমূলক কর্মতৎপরতা চলছে। আন্তর্জাতিক সংস্থাসমূহের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশীদার।

মানুষ ঘটনাচক্রে এ রোগে আক্রান্ত হয়। মানুষের ক্ষেত্রে এ রোগটি সাধারণত শুরু হয় জ্বর--সর্দি--কাশির মাধ্যমে এবং পরে তা মারাত্মক নিউমোনিয়ার রূপ নিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

তীব্রতাভেদে মোরগ--মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা দুধরনের হতে পারে।

অতি তীব্র রোগঃ এতে কোন ধরনের লক্ষণ ছাড়াই অধিকাংশ মোরগ--মুরগি মারা যেতে পারে। তবে কোন কোন সময় জ্বর, ঝিমানো, এলোমেলো পালক ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে।

তীব্র রোগঃ হাঁস--মুরগির প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। মাথা এবং চোখের পাতায় পানি জমে ফুলে ওঠে। শরীরের পালকহীন অংশ যেমন ঝুঁটি, পা ইত্যাদি স্থানে রক্তক্ষরণ হয়। ঝুঁটিও কালো রং ধারণ করে। খাদ্যে মুরগির অরুচি, অবসাদ, নেতিয়ে পড়া এবং ডায়রিয়া দেখা দেয়। বাড়ন্ত হাঁসের পা ও পাখা অবশ হয়ে যায়।

কখন রিপোর্ট করতে হবে?

মুরগির মৃত্যু মানেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নয়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সনাক্ত করার জন্য যে বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে--

- মুরগি খামারে খাদ্য গ্রহণ শতকরা ২০ ভাগের বেশি কমে গেলে।

- ডিম উৎপাদন শতকরা ২০ ভাগের বেশি কমে গেলে।

- বড় খামারে দৈনিক শতকরা এক ভাগের বেশি হারে মুরগি মারা গেলে।

- ছোট ও পারিবারিক খামারে শতকরা পাঁচ ভাগের বেশি হারে ক্রমাগত মুরগি মারা গেলে।

কীভাবে রোগ ছড়ায়?

এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত অসুস্থ মুরগি, জীবাণুযুক্ত হাঁস--পাখি থেকে অন্যান্য মুরগি--পাখিতে সরাসরি এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত মুরগি, জীবাণুযুক্ত হাঁস--পাখির পায়খানা, মুখের লালা, রক্ত ও রক্তরস থেকেও এ রোগ ছড়াতে পারে। আক্রান্ত খামারে ব্যবহৃত যন্ত্রপাতি ও কর্মীর মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অন্যান্য খামারে ছড়াতে পারে। বুনো পাখি, দেশান্তর থেকে আসা পাখি ও হাঁসে এ রোগের ভাইরাস থাকলেও তারা এ রোগে আক্রান্ত হয় না। তারা ভাইরাসটি বহন করে মাত্র। তবে সতত পরিবর্তনশীল এ ভাইরাস সম্প্রতি চীনে হাজার হাজার বুনো হাঁসের মৃত্যু ঘটিয়েছে বলে বিজ্ঞানীরা সন্দেহ করছেন।

প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে বেশিরভাগ সংক্রমণই ঘটেছে আক্রান্ত খামারে খালি হাতে মুরগি নাড়াচাড়া করে, আক্রান্ত পাখি জবাই বা পালক ছাড়ানোর জন্য নাড়াচাড়া করে। যে সমস্ত শিশু আক্রান্ত পাখি বা মৃত মুরগি/পাখি নিয়ে খেলা করে তাদেরও এ রোগ হতে পারে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয়

- আক্রান্ত খামারে জনসাধারণের ও অন্যান্য পশু--পাখির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।

- যারা পেশাগত প্রয়োজনে খামারে প্রবেশ করবেন তারা জীবাণুমুক্ত এপ্রোন, মুখোশ, গ্লাভস ইত্যাদি পরে এবং অন্যান্য জীবাণুনাশক ব্যবস্থা নিয়ে ঢুকবেন করবেন।

- খালি হাতে খামারে বা বাড়িতে কোথাও অসুস্থ বা অস্বাভাবিকভাবে মৃত মুরগি/পাখি ধরা, ছোঁয়া, নাড়াচাড়া করা যাবে না।

- কোথাও রোগে আক্রান্ত মুরগি/পাখি জবাই করা বা পালক ছাড়ানো যাবে না। রোগে আক্রান্ত ও মৃত মুরগি/পাখি পুড়িয়ে ফেলতে হবে, অথবা জীবাণুমুক্ত করে মাটির অনেক গভীরে পুঁতে ফেলতে হবে।

- আধাসিদ্ধ মাংস বা আধাকাঁচা ডিম খাওয়া যাবে না। রান্না করা মোরগ--মুরগির মাংস এবং সিদ্ধ ও ভাজা ডিম খেতে কোন অসুবিধা নেই। কারণ ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে রান্না করা খাদ্য এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে মেরে ফেলে।

- যারা মুরগি জবাই ও রান্না করবেন তারা কাজ শেষ করার পর ভাল করে সাবান--পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন।

- হাঁস--মুরগি--কবুতর, অন্যান্য পশুপাখি, ডিম ধরা বা ছোঁয়ার পর ভাল করে সাবান দিয়ে দু’ হাত  পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে।

- খামার বা বাড়িতে হাঁস--মুরগী বা পশু--পাখি দেখাশোনা করার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে কাপড় দিয়ে নাক--মুখ ঢেকে নিতে হবে। পশু--পাখি নাড়াচাড়ার পর হাত না ধুয়ে চোখ, নাক বা মুখে লাগানো যাবে না।

- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে এমন স্থানে বা তার আশপাশের ১০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় যারা বসবাস করেন, তাদের জীবন্ত হাঁস--মুরগি--কবুতর বা অন্যান্য পাখি ক্রয়--বিক্রয় বা জবাই করার স্থানে যাওয়া অবশ্যই বাদ দিতে হবে। এ এলাকায় কোন মুরগি/পাখিকে খামার বা ঘর থেকে স্থানান্তর করা যাবে না।

- আক্রান্ত মুরগি বা পাখির মল সার অথবা মাছের খাদ্য হিসাবেও ব্যবহার করা যাবে না।

- আক্রান্ত মুরগি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) দেখা দেওয়ার সাত দিনের মধ্যে অসুস্থ মোরগ--মুরগির সংস্পর্শে আসা ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। এতে ঐ ব্যক্তি রোগাক্রান্ত হবেন না। নিকটস্থ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান এ ঔষধ সরবরাহ করবে।

- যত্রতত্র থু থু, কফ, কাশি ফেলবেন না। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই নাক--মুখ ঢেকে রাখবেন। বাইরে থেকে ঘরে ফিরে অবশ্যই সাবান--পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন।