চালের বাজার নিয়ন্ত্রণে আনতে চালু করা হচ্ছে ওএমএস ও কাবিখা কর্মসূচি
বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারি গুদাম থেকে দুলাখ মেট্রিক টন চাল বাজারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর মধ্যে এক লাখ মেট্রিক টন চাল ওএমএসের মাধ্যমে খোলা বাজারে বিক্রি এবং আরো এক লাখ মেট্রিক টন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে দুস্থদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।
এছাড়াও চাল ও গমের পাঁচ শতাংশ আমদানি শুল্কও প্রত্যাহার করা হচ্ছে।
বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। চাল গমের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্যই শুল্ক প্রত্যাহারসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১৮ মার্চ থেকে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে। ইরি বোরো ধান কাটার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে সারা দেশে। ১৩ হাজারেরও বেশী ডিলার নির্ধারিত নিয়ম মেনে চাল বিক্রি করবে, প্রতি কেজি চালের মূল্য হবে ১৫ টাকা ২৫ পয়সা। একটি পরিবার একদিনে পাঁচ কেজির বেশি চাল কিনতে পারবে না। উল্লেখ্য বর্তমানে বাজারে মোটা চালের দাম ১৭ থেকে ১৯ টাকা কেজি। বৈঠকে বলা হয়, খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হচ্ছে আগামী ১৫ র্মাচ থেকে। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ মেট্রিক টন চাল। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসাবে রাস্তাঘাট নির্মাণ, সংস‹ার, নতুন রাস্তা তৈরি করে মূল সড়কের সঙ্গে বাজারের সংযোগ স্থাপনসহ নানা ধরনের কাজ হবে। প্রতিটি কাজই করবে সংশ্লিষ্ট গ্রামের দুস্থ পুরুষ এবং মহিলারা। কাজের পর তাদের মজুরি হিসাবে দেওয়া হবে চাল। চাহিদা কমায় একটু ঘুরিয়ে হলে চালের বাজারে এর প্রভাব পড়বে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
শুল্ক প্রত্যাহারের ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে শীগগীরই। এই প্রজ্ঞাপন জারি করা হলে ব্যবসায়ীরা বিনা শুল্কে চাল ও গম আমদানি করতে পারবেন।
