ভুটান থেকে বিদ্যুৎ কিনতে চাচ্ছে বাংলাদেশ
ভুটানের কাছ থেকে আঞ্চলিক গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ কেনার জন্য প্রস্তাব করবে বাংলাদেশ। জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী রোববার একথা জানান।
ভুটানের কাছে বাংলাদেশের এধরনের প্রস্তাব এটাই প্রথম বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, ভুটান নীতিগতভাবে সম্মতি দিলে দাম নিয়ে আলোচনা হবে। সিদ্ধান্ত হওয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছাতে সময় লাগবে তিন বছর।
ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের বড় ধরনের বিনিয়োগ রয়েছে। তবে বাংলাদেশ আঞ্চলিক গ্রিড লাইনের মাধ্যমেই বিদ্যুৎ কিনতে আগ্রহী বলে তিনি জানান।
উপদেষ্টা বলেন, সার্কের বিদ্যুৎ মন্ত্রীদের সম্মেলনে জ্বালানি খাতে আন্তঃযোগাযোগের বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন। এ ব্যাপারে ভুটানের মনোভাব ছিল ইতিবাচক।
তপন চৌধুরী বলেন, ব্যয়বহুল হলেও শ্রীলঙ্কা তার জাতীয় গ্রিডকে আঞ্চলিক গ্রিডের সাথে যুক্ত করছে। তিনজাতি গ্যাস পাইপ লাইনের বিষয়ে উপদেষ্টা জানান বাংলাদেশ এব্যাপারে প্রস্তাব দিয়েছে যাতে ভবিষ্যতে প্রয়োজনের সময় মূল গ্যাস লাইনের সঙ্গে ব্যবহার করা যায়।
গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাওয়া এবং রক্ষণাবেক্ষণের কারণে Ÿন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো জুনের ভেতর সচল হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, বিবিয়ানা ক্ষেত্র থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হলে বিদ্যুৎ সংকট কমে আসবে। গ্যাসের অতিরিক্ত সরবরাহ থাকলে রপ্তানির জন্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তবে শিগগিরই সে সম্ভাবনা কম।
