রাজউকের দুর্নীতির কারণেই দখল হয়েছে ঢাকার জলাশয়: উপদেষ্টা মইনুল
রাজউকের দুর্নীতি এবং অনিয়মের কারণে ঢাকা মহানগরীর বিভিন্ন জলাশয় দখল হয়েছে বলে স্বীকার করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সঙ্গে বৈঠক শেষে রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাজউকে বেশ কিছু অনিয়ম ও দুর্নীতি রয়েছে। এ কারণেই ঢাকার নদী--নালা ও জলাশয়গুলো দখল হয়ে গেছে।
তিনি আরো বলেন, দখল হওয়া জায়গায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে। ফলে ধীরে ধীরে নষ্ট হয়েছে সুন্দর ঢাকার পরিবেশ।
উপদেষ্টা বলেন, এ কারণে অচিরেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পুনর্গঠন করা হবে। অবৈধভাবে জলাশয় দখল করে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকা মহানগরীর উন্নয়ন ও পরিবেশ নিশ্চিত করতে অচিরেই করা হবে মাস্টার প্ল্যান।
বাপার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ও অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়িদ।
তারা রাজউকের অনিয়ম রোধ, ঢাকার পরিবেশ বিনষ্টকারী আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভূমি মালিকদের হয়রাণি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
