২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা গ্যাস ফিল্ড উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 01:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

রোববার উদ্বোধনের পরই এই গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবিয়ানা থেকে জাতীয় গ্রিডে যাবে বলে জানিয়েছেন উত্তোলনকারী কোম্পানি শেভরনের কর্মকর্তারা।

রোববার বিকাল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার বিবিয়ানার সাউথ প্যাডে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান পেট্রোবাংলার চেয়ারম্যান শেখ আব্দুর রশিদ, শেভরনের প্রেসিডেন্ট জন ওয়ার্কসন, জেলা প্রশাসক মো. আতাউর রহমান, পুলিশ সুপার এম এ মান্নান, হবিগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম আকন্দ প্রমুখ।

এরপর বিকাল পৌনে ৫টার দিকে ড. ফখরুদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে বিবিয়ানা কূপ থেকে গ্যাস উত্তোলন উদ্বোধন করেন।

এর আগে সাউথ প্যাডে আয়োজিত সমাবেশে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দেশে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ও গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করতে এ সংক্রান্ত সব প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

বিবিয়ানা গ্যাস ফিল্ডকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বলে উল্লেখ করে তিনি এই কূপ থেকে সফল ভাবে গ্যাস বাজারজাত করায় পেট্রোবাংলা এবং শেভরনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী, আমেরিকান রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, পেট্রোবাংলার চেয়ারম্যান শেখ আব্দুর রশিদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এ এম এম নাছির উদ্দিন, শেভরনের প্রেসিডেন্ট জন ওয়ার্কসন বক্তব্য রাখেন। এছাড়া স্বাগত বক্তৃতা দেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ফথ্রপ।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রাঃ) ও শাহপরান (রাঃ) মাজার জিয়ারত করেন। সকাল পৌনে ১১টায় তিনি সিলেট সার্কিট হাউজে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।

দুপুর ১টায় সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দুর্নীতিমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে কিছু সংস্কার করা প্রয়োজন।”

তিনি সরকারের জনকল্যাণমূলক কাজ সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়ানোর জন্য সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।