যৌথবাহিনীর হাত থেকে ‘পালাতে গিয়ে’ মধুপুরে আদিবাসী নেতার মৃত্যু
মধুপুরের আদিবাসী নেতা চলেস রিসিল সাংমা (৪৫) যৌথবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় রোববার রাতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পালানোর সময়ে রাস্তায় তিনি জ্ঞান হারান। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়।
চলেস রিসিলের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন মধুপুরের আদিবাসীরা। এ ঘটনায় তারা মধুপুর রেঞ্জের অধিনায়ক মেজর তৌহিদ ইলাহী, সহকারী বন সংরক্ষক জহুরুল হকের অপসারণসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
চলেস রিসিলের স্ত্রী সন্তা সিমসাং জানান, রোববার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় মুক্তাগাছা উপজেলার কালীবাড়ি এলাকা থেকে যৌথবাহিনী চলেস রিসিল, পীরেন, তুহিন ও প্রতাপ সুনসাংকে আটক করে। এদের মধ্যে পীরেন ও তুহিনকে বিকেলে ও প্রতাপ সুনসাংকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় রোববার রাতে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয় চলেস রিসিলকে। সোমবার তার মৃত্যুর খবর পায় পরিবার।
গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে যৌথবাহিনী চলেস রিসিল সাংমাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। দৌড়ে কিছুদূর যাওয়ার পর রাস্তায় জ্ঞান হারিয়ে ফেললে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই রাত সাড়ে ৮টার দিকে মারা যান চলেস রিসিল।
যৌথবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের কাছে ফ্যাক্সে পাঠানো হাতে লেখা এক বিবৃতিতেও একই কথা জানানো হয়েছে। চলেস রিসিল সাংমা মধুপুর গড় অঞ্চলের ত্রাস ও কুখ্যাত বনদস্যু এবং প্রায় ৮০ বন মামলার ফেরারি আসামী বলে দাবি করেছে যৌথবাহিনী।
চলেস রিসিলের স্ত্রী সন্তা সিমসাংসহ স্থানীয় আদিবাসীরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেন, চলেস রিসিল দীর্ঘদির ধরে বন বিভাগের বিতর্কিত ইকো পার্ক এবং দেয়াল নির্মাণবিরোধী আন্দোলন করছিলেন। এ কারণেই বন বিভাগ একের পর এক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
চলেস রিসিলের মৃত্যুর খবর পেয়ে সোমবার মধুপুরের আদিবাসীরা কালো ব্যাজ পরে জলছত্র ও পঁচিশ মাইল এলাকায় উপস্থিত হন। আদিবাসী নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও মধুপুর রেঞ্জের অধিনায়ক মেজর তৌহিদ ইলাহী, সহকারী বন সংরক্ষক জহুরুল হকের অপসারণসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
ঘটনার পর থেকে মধুপুরের আদিবাসী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
