২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবদল সন্ত্রাসী ‘কুত্তা সুমন’ গ্রেপ্তার

ফতুল্লা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাসী রাকিবউদ্দিন সুমন ওরফে ‘কুত্তা সুমনকে’ (৩১) বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 02:34 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

র‌্যাব--১১ সূত্র বলেছে, কুত্তা সুমন পাঁচদিন আগে চাষাঢ়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়। সেখান থেকে বের হয়ে সে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও চাঁদাবাজি করতো। আইন--শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে এই কৌশল গ্রহণ করে।

বুধবার তার নেতৃত্বে একদল সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মাসদাইরে হায়দার এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাংচুর ও ক্যাশবাক্স ভেঙে সোয়া লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী এ সময় জহির নামে এক সন্ত্রাসীকে ধরে র‌্যাবের কাছে সোপর্দ করে। জহির জিজ্ঞাসাবাদে জানায়, কুত্তা সুমনের নেতৃত্বেই তারা হামলা করেছে।

বৃহস্পতিবার দুপুরে কুত্তা সুমন ক্লিনিক থেকে বের হওয়ার সময় ওৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় গোয়েন্দা সূত্রগুলি জানায়, কুত্তা সুমন ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বিএনপি--জামায়াত জোট সরকারের সময় সে ২৫ জন সন্ত্রাসীকে নিয়ে বাহিনী গঠন করে।

ভূয়া এমবিবিএস চিকিৎসক গ্রেপ্তার

র‌্যাব--১১ এর সদস্যরা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে ভূয়া এমবিবিএস চিকিৎসক মোক্তার হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব সূত্র জানায়, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে এমবিবিএস পাস করা চিকিৎসক পরিচয়ে গোদনাইলে মা ফার্মেসিতে রোগী দেখতেন।

গ্রেপ্তারের পর তিনি এমবিবিএস ডিগ্রি অর্জনের সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতারণার অভিযোগে র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।