৩৫ বছর পর স্বাধীনতা বিরোধীদের ঘাঁটাঘাঁটি না করাই ভাল: উপদেষ্টা মতিন
স্বাধীনতার ৩৫ বছর পর কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে ছিল তা দেখার আর সময় নেই। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই যেখানে যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করে দিয়েছেন তাই এদের নিয়ে এতোদিন পর ঘাঁটাঘাঁটি না করাই ভাল।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন বীরপ্রতীক বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।
সরকার স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কিনা-- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বাধীনতার পরই বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করে দেন। তাই ৩৫ বছর পর এদের নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করাই ভাল।”
সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হলেও বিগত জোট সরকারের সহযোগী জামায়াতের কাউকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না-- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সরকার কাউকেই ছাড় দেবে না। জামায়াতের কারও বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সরকার তাকেও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে।”
সাবেক এই সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এর স্বীকৃতি হিসেবে বীর প্রতীক খেতাব পান।
