ঐতিহাসিক ৭ মার্চ
৭ মার্চ ১৯৭১। সবুজ জমিনে লাল সূর্যের মধ্যে মানচিত্র আঁকা স্বাধীন বাংলার পতাকা নিয়ে এদিন সকাল থেকেই ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্রাওয়ার্দী উদ্যান) আসতে শুরু করেন স্বাধীনতাকামী হাজার হাজার মানুষ।
বিকাল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই কানায় কানায় ভরে যায় রেসকোর্স ময়দান। আর মুক্তিকামী বাঙালিরা অপেক্ষায় থাকেন কখন আসবেন তাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর রেসকোর্স ময়দানে আসেন বঙ্গবন্ধু। মাত্র ২০ মিনিটের অমর এক ভাষণে ডাক দিলেন পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রাম প্রস্তুতির। রাজনৈতিক বক্তৃতা দেশকালের সীমানা পেরিয়ে রূপ পেল মহাকাব্যের।
জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৃঢ় কণ্ঠে জানালেন বাঙালির আকাক্সক্ষার কথা--স্বাধীকারের কথা। উদাত্ত ঘোষণা দিলেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
স্বাধীনতা সংগ্রামের জন্য জনগণকে প্রস্তুতি নেওয়ার দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ঐতিহাসিক সে ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তান সরকারকে সামরিক আইন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং তাদের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও ছিল সেই ভাষণে।
৭ মার্চের ভাষণ স্বাধীনতার পথে চূড়ান্ত রাজনৈতিক পদক্ষেপ। বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা। বঙ্গবন্ধুর ভাষণে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। তবে মুক্তি সংগ্রামের বীজ নিহিত ছিল এর মাঝেই। স্বাধীনতা যুদ্ধে তো বটেই, বঙ্গবন্ধুর সেই দীপ্ত কণ্ঠস্বর আজো বাঙালিকে করে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত।
বঙ্গবন্ধুর ওই ভাষণেই উদ্দীপ্ত হয় পরাধীন বাংলার সর্বস্তরের মানুষ। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দালালদের বিরুদ্ধে। গণহত্যা, বর্বরতা এবং পাশবিকতাকে পরাস্ত করে ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য।
কোটি কোটি বাঙালির প্রত্যাশাকে ধারণ করে একাত্তরের এই দিনে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী জনতাকে যার যা কিছু আছে তাই নিয়ে শত্র“র বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দিয়ে বঙ্গবন্ধু মাত্র ২০ মিনিটের সেই অবিস্মরণীয় ভাষণে সাড়ে ৭ কোটি বাঙালির মনের সব কথাই বলেছিলেন।
বঙ্গবন্ধু বলেন, “তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও।” তিনি বললেন, “মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।”
একাত্তরের মার্চ মাসের শুরতেই এ অঞ্চলের রাজনৈতিক সংকট চরমে পৌঁছায়। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের শুরু থেকে যে সংকটের শুরু একাত্তরের মার্চ মাস ছিল তার অন্তিম পরিণতির সময়।
একাত্তরের ১ মার্চে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক ইয়াহিয়া খান নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
ইয়াহিয়া খানের এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) বিক্ষোভে ফেটে পড়ে। প্রতিবাদে রাজপথে নেমে আসে সব রাজনৈতিক দল, পেশাজীবী, শ্রমজীবী, সাংস্কৃতিক ও নারী সংগঠন।
ইয়াহিয়ার এই ঘোষণার প্রতিক্রিয়া জানাতে ঢাকায় হোটেল পূর্বাণীতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে ২ ও ৩ মার্চ সারাদেশে হরতাল এবং ৭ মার্চ পরবর্তী কর্মসূচি ঘোষণার দিন ঠিক করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে দেশে জরুরি অবস্থার মাঝেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এদিন সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী আওয়ামী লীগ কার্যালয়ে উত্তোলন করা হবে জাতীয় ও দলীয় পতাকা। সকাল ৭টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে অর্পণ করবেন পুষ্পস্তবক।
দিনর্টি উপলক্ষে বাণী দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৩টায় ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা হবে। শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
