২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও নরসিংদীতে বিএনপি নেতাদের বাড়ি থেকে আরও বন্যপ্রাণী উদ্ধার

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও তার ভাই সাবেক পৌর চেয়ারম্যানের সিরাজগঞ্জ শহরের বাসা থেকে চারটি হরিণসহ বিভিন্ন প্রজাতির মোট ৩৪ টি বন্যপ্রাণী উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তারা দুজনের নামে মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 04:01 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এদিকে বিএনপির সাবেক সাংসদ মরহুম সামসুদ্দীন আহমেদ এছাকের নরসিংদীর আরশী নগরের মিনি চিড়িয়াখানা থেকে মঙ্গলবার রাতে যৌথবাহিনী হরিণ, ভল্লুক ও ময়ুরসহ বিপুলসংখ্যক বন্যপ্রাণী  উদ্ধার করেছে। এ ছাড়া নুুরুল ইসলাম পাটোয়ারী নামের এক ব্যবসায়ীর আলীজান জুট মিলের খোয়ার থেকে উদ্ধার করা হয় আরও আটটি হরিণ।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার সকাল ১১টায় শহরের হোসেনপুর এলাকায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও তার সহোদর মঞ্জুর হাসান মাহমুদ খুশীর বাসা থেকে যৌথবাহিনী ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ করা এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় নামে মামলা দায়ের করেছেন।

বাসার পাঁচজন কেয়ারটেকার ও বন্যপ্রাণী পালনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সদর থানায় নেওয়া হয়েছে।

যৌথবাহিনী সূত্র জানায়, পৌর এলাকার হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ থেকে উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে হরিণ ৪টি, ইমু পাখি ২টি, টার্গিস ১১টি, উট পাখী ২টি, ময়ুর ৭টি, গোল্ডেন প্রিজন ৩টি, ময়না ২টি, দুর্লভ প্রজাতির কবুতর ২টি ও ঘুঘু ১টি।

সহকারী বন বিভাগ সংরক্ষণ কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী জানান, ‘১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনে অবৈধভাবে লালন--পালন করা এসব বন্যপ্রাণী বাড়িতে রাখা দণ্ডনীয় অপরাধ। আর এই অপরাধের কারণে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও তার ভাই মঞ্জুর হাসান মাহমুদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আর তাছাড়া এসব বন্যপ্রাণী রাখার জন্য কোন বৈধ কাগজপত্রও তারা দেখাতে পারেনি।’

এলাকাবাসী জানান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও তার ভাই দীর্ঘদিন থেকেই নিজ বাড়িতে এসব বন্যপ্রাণী অবৈধভাবে সংরক্ষণ করে আসছিল। যৌথবাহিনীর অভিযানের সময় প্রতিমন্ত্রীর সহোদর মঞ্জুর হাসান মাহমুদ বাড়িতে ছিলেন না। ইকবাল হাসান মাহমুদ দুর্নীতির অভিযোগে বর্তমানে হাজতে রয়েছেন।

এদিকে নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির সাবেক সাংসদ মরহুম সামসুদ্দীন আহমেদ এছাকের নরসিংদী জেলার আরশী নগরের মিনি চিড়িয়াখানা থেকে মঙ্গলবার রাতে যৌথবাহিনী দুটি হরিণ, দুটি ভল্লুক ও দুটি ময়ুরসহ বিপুলসংখ্যক বন্যপ্রাণী  উদ্ধার করেছে। এ ছাড়া নুুরুল ইসলাম পাটোয়ারী নামের এক ব্যবসায়ীর আলীজান জুট মিলের খোয়ার থেকে উদ্ধার করা হয় আরও আটটি হরিণ।

তবে বৈধ কাগজপত্র দেখানোর শর্তে নরসিংদী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রকাশ কান্তি চৌধুরীর নির্দেশে ওই প্রাণীগুলো পুলিশি পাহারায় রাখা হয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার হারুন--উর--রশিদ জানান, প্রাণীগুলো উদ্ধার করা হলেও আগের স্থানেই পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রাণীগুলো আটক করা হবে।