শিক্ষার্থীদের হাতে ইংরেজি সংস্করণের বই এখনও পৌঁছেনি
শিক্ষাবর্ষের দুই মাস চলে গেলেও বোর্ড নির্ধারিত ইংরেজি সংস্করণের বইগুলো ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছেনি। এদিকে দায়সারা গোছের প্রস্তুতি নিয়ে অধিকাংশ বিদ্যালয়ে আগামি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। ফলে বিপাকে পড়েছেন প্রায় ৫০ হাজার শিক্ষার্থী আর শিক্ষক--কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান গাজী আহসানুল কবির নফহবংি২৪.পড়স কে বলেন, “প্রাথমিক পর্যায়ের সবগুলো বই চলতি সপ্তাহে এবং মাধ্যমিক পর্যায়ের বই দ্বিতীয় সপ্তাহে বাজারে চলে আসবে বলে আমি আশা করছি।”
চেয়ারম্যান আরও বলেন, প্রাথমিক পর্যায়ের ইংরেজী সংস্করণের বইগুলো এবারই প্রথম ছাপানো হচ্ছে বলে নানা প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়েই দেরি হচ্ছে। আর মাধ্যমিক পর্যায়ের বই আগে একবার স্বল্প পরিসরে ছাপানো হলেও সেসব বই ছিল ভুলে ভরা। তাই বিভিন্ন ধরনের পরিবর্তন, পরিবর্ধন ও অলংকরণ করতে হয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান এর কাছ থেকে আরো জানা গেছে, প্রাথমিক পর্যায়ের অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য বাংলা, ইংরেজী, গণিত, পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান এবং ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ধর্মসহ মোট ৩৩ বিষয়ে প্রায় সাড়ে ছয় লাখ বই ছাপানো হচ্ছে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য ছাপানো হচ্ছে ৫৭ বিষয়ে প্রায় দশ লাখ বই।
ভিকারুনন্নিছা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা খানম নফহবংি২৪.পড়স কে বলেন, শিক্ষাবর্ষের দুই মাস চলে গেলেও ছাত্র-ছাত্রীদের হাতে বোর্ডের ইংরেজি সংস্করণের পাঠ্য বই পৌঁছেনি। স্বাভাবিকভাবেই পড়াশুনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের কিছু বাংলা বইয়ের কোনো কোনো অংশ নিজেদের ব্যবস্থাপনায় ইংরেজীতে অনুবাদ করে এ দুই মাস কোন রকমে ক্লাস চালিয়ে নিতে হচ্ছে।
বিয়াম ল্যাবরেটরী স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রীর মা-বাবা নফহবংি২৪.পড়স কে প্রায় একই সুরে বললেন, এখনো পর্যন্ত বাজারে বই না আসায় তারা খুবই দুঃশ্চিন্তায় আছেন। বছর শুরুতে নতুন বই সকল ছাত্রছাত্রীদের মনের উপর একধরনের ইতিবাচক প্রভাব ফেলে। যা তাদের পড়াশুনায় মনোযোগী হতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এরকম একটি গুরুত্বপুর্ণ বিষয় থেকে বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা। এছাড়া এখন পর্যন্ত বই না আসায় গত দুই মাস পড়ালেখায় যে ক্ষতি হয়েছে তা পূরণীয় নয় বলেও মন্তব্য করেন তারা।
কোন কোন অভিভাবক অভিযোগ করে বললেন, অধিকাংশ বই না থাকায় এ দুই মাস নামমাত্র ক্লাস হয়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সারাদেশে প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী বোর্ডের ইংরেজি সংস্করণে পড়াশুনা করছে। দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে।
এর কারণ হিসেবে সূত্র জানায়, যুক্তরাজ্যের পাঠ্যক্রম অনুযায়ী দেশে ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনেকেই এখন দেশীয় পাঠ্যক্রমে পড়তে আগ্রহী হয়ে উঠছে। কারণ, যুক্তরাজ্যের পাঠক্রম অনুসরণ করে যে সব শিক্ষার্থী “এ” লেভেল বা “ও” লেভেল পড়ছে উচ্চ শিক্ষার জন্য তাদের বিদেশ যাওয়া ছাড়া উপায় থাকে না। এসব ছাত্র--ছাত্রী সাধারণত দেশীয় উচ্চ শিক্ষার সঙ্গে তাল মেলাতে পারে না। তাই দেশে থেকে ইংরেজি মাধ্যমে লেখাপড়ায় আগ্রহীরাই শিক্ষা বোর্ডের ইংরেজি সংস্করণ অনুযায়ী পড়তে আগ্রহী হচ্ছে। তাছাড়াও বিদেশী পাঠক্রমে পড়া ব্যয়বহুল হওয়ায় অভিভাবকরাও এখন সন্তানদের দেশী পাঠক্রমের ইংরেজি সংস্করণে পড়াতে আগ্রহী হয়ে উঠছেন।
