চাঁপাইনবাবগঞ্জে তীব্র সার সংকট
ইরি বোরো মৌসুমের শুরুতেই ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিপাকে পড়েছেন সেখানকার শত শত কৃষক।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা।
শনিবার শহরের কয়েকটি সার ডিলারের গুদামের সামনে দেখা গেছে শত শত কৃষকের দীর্ঘ লাইন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আলীনগর মহল্লার দানিউল হক ব্রাদার্স ও স্টেশন এলাকার মেসার্স আহম্মদ ব্রাদার্স এর গুদামের সামনে পুলিশ মোতায়েন করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
তবে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও সার পাননি অনেক কৃষক। তারা জানান, রোববার আবার লাইনে দাঁড়াতে হবে। কিন্তু তখন যে সার পাওয়া যাবে তারও নিশ্চয়তা নেই।
সার পেয়েছেন এমন কৃষকরা জানান, ১০ বস্তার জায়গায় পাওয়া যাচ্ছে মাত্র এক বস্তা। এতে প্রয়োজন মিটছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবার জেলায় ৪৯ হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধানের আবাদ হয়েছে। জেলায় পাঁচটি উপজেলায় সার ডিলার রয়েছে ৫০ জন। আর মার্চ মাসে তাদের জন্য বরাদ্দ ৩৭৫০ মেট্রিক টন ইউরিয়া সার।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব আহমেদ জানান, গত বছরের তুলনায় এবার সরবরাহ কম থাকায় সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া, জেলায় এবার ইরি --বোরো ধান ছাড়াও এক হাজার দুইশ’ ৬০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ হওয়ায় সার সংকট তীব্র হয়েছে।
কৃষকরা জরুরি ভিত্তিতে এখনি সার সরবরাহের দাবি জানিয়ে বলেছেন, দুই সপ্তা পর সরবরাহ পেলেও আর কোনো লাভ হবে না।
