চট্টগ্রামে পিৎজা হাট ও সুইটম্যাক্স উচ্ছেদের কবলে
নগরীর জিইসি মোড়ে তিনটি ভবনের কার পার্কিং এলাকা ও বেসমেন্টে গড়ে তোলা পিৎজা হাট, সুইটম্যাক্সসহ বেশকয়েকটি দোকান উচ্ছেদের কবলে পড়েছে।
বুধবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) উচ্ছেদ অভিযান চালাতে গেলে পিৎজা হাটসহ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় চাইলে তাদের ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।
চউকের ম্যাজিস্টেট তাহেরা ফেরদৌসের নেতৃত্বে অভিযানকারী দল জিইসি মোড়ে ব্যস্ত সড়কের একপাশে নগরীর একমাত্র পিৎজার দোকান পিৎজা হাট, ইউনেস্কো ভবনে নগরীর সবচেয়ে বড় মিষ্টির দোকান সুইটম্যাক্স, শাড়ির দোকান নবরূপা এবং মদিনা টাওয়ারে অবস্থিত দোকানপাট ভাঙতে অভিযান শুরু করে।
এ সময় পিৎজা হাটসহ কয়েকটি দোকানের মালিক মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় প্রার্থণা করেন। ম্যাজিস্ট্রেট তাদের সময় দেন। তবে অন্য কয়েকটি দোকান ও প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
