চট্টগ্রাম ও ময়মনসিংহে ইউপি চেয়ারম্যানসহ আটক পাঁচ
যৌথবাহিনী চট্টগ্রাম ও ময়মনসিংহে দুজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে। চট্টগ্রাম থেকে প্রতিনিধি জানিয়েছেন, যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদের আইন--শৃংখলা কমিটির সমন্বয় সভা থেকে কোলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুর আলীকে আটক করে। তিনি জাতীয় পার্টির পটিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ও জাপা নেতার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এ এস আই মোহাম্মদ কাশেম জানান, জিজ্ঞাসাবাদ শেষে যৌথ বাহিনী বিকালে তাকে থানায় হস্তান্তর করেছে। নুর আলীর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে বলে তিনি জানান।
এদিকে, যৌথবাহিনী পৃথক দুটি অভিযানে রাঙ্গুনিয়া উপজেলা থেকে নেছার হক পেয়ারু এবং কক্সবাজার জেলার ধর্মচরা থেকে হাজী মনজুর আলম নামে দুজনকে আটক করেছে। উভয়ের বিরুদ্ধে নানা দুর্নীতি ও সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অপরদিকে পুলিশ খুলশী এলাকা থেকে মোহাম্মদ জমির নামে এক যুবককে আটক করেছে।
তার বিরুদ্ধে নগরীর খুলশী ও নাসিরাবাদ শিল্প এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা শামসুল আলম জানান।
এদিকে ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানফজলুল হক সরকারকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার বাড়ি থেকে ত্রাণের ২৫ পিস টিন উদ্ধার করা হয়।
