সাবেক সাংসদ গিয়াসউদ্দিন ৩ দিনের পুলিশ রিমান্ডে
দুর্নীতি দমন কমিশনের তালিকাভুক্ত দুর্নীতিবাজ, বিএনপির সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনদিনের রিমান্ডে নিয়েছে। আদালত তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় আদালত তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন মঞ্জুর করে। এরপর তাকে কড়া পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা কারাগার থেকে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামের আদালতে হাজির করে।
কোর্ট পুলিশের এসআই মোহাম্মদ আলী জিজ্ঞাসাবাদের জন্য গিয়াসকে সাতদিনের পুলিশ রিমান্ডে দেবার আবেদন জানিয়ে বলেন, “গিয়াসউদ্দিন একজন গডফাদার এবং শীর্ষ ৫০ দুর্নীতিবাজের অন্যতম। গত পাঁচ বছর ক্ষমতায় থাকাকালে অবৈধ প্রভাব খাটিয়ে তিনি সন্ত্রাসী লালন, বৈদেশিক মুদ্রা পাচার, দখল এবং মাদক ব্যবসা করেছেন। অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করে সেই টাকায় অবৈধ অস্ত্র ও মাদক কিনে তার ক্যাডারদের মধ্যে বিতরণ করেছেন। দেশ ও জাতির শত্র“ গিয়াসকে বৈদেশিক মুদ্রা উদ্ধারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।”
গিয়াসের পক্ষে অ্যাডভোকেট সুরুজ আলী, মাহবুবুর রহমান মাসুম, সাখাওয়াত হোসেন খানসহ ২৫ জন আইনজীবী আদালতে পুলিশের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। রিমান্ডের আবেদনের বিরোধিতা করেন আইনজীবীরা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে হয়রানির জন্যই গিয়াসউদ্দিনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
আদালত দীর্ঘক্ষণ শুনানি শেষে গিয়াসউদ্দিনকে তিনদিনের পুলিশ রিমান্ডে দেন।
র্যাব-- ১১ এর সদস্যরা গত ৩ ফেব্র“য়ারি সিদ্ধিরগঞ্জের কলাবাগে গিয়াসের বাড়িতে তল্লাশি চালিয়ে বাংলাদেশী ২ লাখ টাকা সমমূল্যের বৈদিশিক মুদ্রা উদ্ধার করে।
এই ঘটনায় র্যাব বাদি হয়ে গত ৪ ফেব্র“য়ারি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ)(১)(ক)(খ) ধারায় (অবৈধভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে) গিয়াসকে প্রধান আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
দেশে জরুরি অবস্থা জারির পর থেকে পলাতক গিয়াস গত রোববার নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
