২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনুষ্ঠানিকভাবে মামুনের হিসাব নেয়নি দুদক

ব্যবসায়ী ও চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন উপস্থিত না হওয়ায় তার সম্পদের হিসাব গ্রহণ করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

রোববার দুপুরে দুদকে মামুনের পক্ষে তার সম্পদের হিসাব দিতে যান ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম।

তিনি দেখান মামুনের মোট সম্পদের অর্থমূল্য ২৯ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৯৩৩ টাকা এবং মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিনের সম্পদের মূল্য ছয় কোটি ২৭ লাখ ৯১ হাজার ৯০২ টাকা।

এই হিসাব দুদক পরিচালক তানকিন হক সিদ্দিকীর কাছে জমা দিতে গেলে তিনি তা গ্রহণ করেনি। মামুনের প্রতিনিধিকে তিনি জানান, æমামুন গ্রেফতার হয়েছে কিনা তা পরিষ্কার না হওয়ায় প্রতিনিধির মাধ্যমে তার সম্পদের হিসাব নিতে পারছি না আমরা।”

ব্যারিস্টার ফখরুল ইসলাম তখন মামুন ও তার স্ত্রীর সম্পদের হিসাব দুদক পরিচালকের কাছে দিলেও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি বলে সাংবাদিকদের জানান তানকিন হক।

১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর থেকেই গিয়াসউদ্দিন আল মামুনের গ্রেপ্তার নিয়ে রহস্য তৈরি হয়েছে। তিনি গ্রেপ্তার হয়েছেন বলে বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া মামুন ভারতে পালিয়ে গেছেন এরকম প্রতিবেদনও প্রকাশ করেছে কোনো কোনো পত্রিকা।