ইউনূসকে ঠেকানোর দাবিতে ছাত্রদল-ছাত্রলীগ একাট্টা
একই দাবিতে সোচ্চার জাতীয়তাবাদী ছাত্রদল আর বাংলাদেশ ছাত্রলীগ, এমন ঘটনা অনেকদিন পর দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রবল প্রতিদ্বন্দ্বী এই দুটি বড় ছাত্র সংগঠনই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘সমাবর্তন বক্তা’ না করার একই দাবি তুলেছে প্রায় সবগুলো ছাত্র সংগঠন। শিক্ষক আর শিক্ষার্থীদেরও একাংশ জোরালো অবস্থান নিয়েছেন এ দাবির পক্ষে।
তাদের যুক্তি, রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর সমাবর্তন বক্তা হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছেন গ্রামীণ ব্যাংক প্রধান। শনিবার দুপুরে আওয়ামীপন্থি হিসেবে পরিচিত নীল দলের নেতা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে একদল শিক্ষক উপাচার্য এসএমএ ফায়েজের সঙ্গে দেখা করে ইউনূসকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ না জানানোর অনুরোধ জানান।
এরপর ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সংগ্রাম পরিষদ এবং বামপন্থি ছাত্র সংগঠনগুলোকে নিয়ে গড়া প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দও একই দাবিতে দেখা করেন উপাচার্যের সঙ্গে।
ছাত্রদলের নেতারা এ রকম আনুষ্ঠানিক কোনো বৈঠক না করলেও বিকেলে এক বিবৃতিতে একই দাবি করেছেন তারাও।
এর আগে দুপুর বারোটায় ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী'দের ব্যানারে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডেকে একদল শিক্ষার্থীও ইউনূসকে সমাবর্তন বক্তা হিসেবে প্রত্যাখ্যান করার ঘোষণা দেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের। শুধু তা-ই নয়, এই অনুষ্ঠানে তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রিও দেওয়ার কথা।
এই বিতর্কে ৪৩তম সমাবর্তনের ভাগ্য আরো একবার অনিশ্চিত হয়ে পড়ল। এ সমাবর্তনের তারিখ এর আগেও একবার ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ মুহূর্তে সেটা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।
তবে এবার আর সমাবর্তন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ।
উপাচার্যের সঙ্গে দেখা করার পর বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “ড. ইউনূস রাজনীতি করতে চান, এ ব্যাপারে তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি ‘সমাবর্তন বক্তা’ হওয়ার পক্ষে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি যদি সমাবর্তন বক্তা হিসেবে অংশগ্রহণ করেন তাহলে শিক্ষকদের একটা বড় অংশ সমাবর্তনে যোগ দেবেন না। শিক্ষকদের ক্ষেত্রে এর চেয়ে বড় প্রতিবাদ কিছু হতে পারে না।”
তিনি আরো বলেন, “ডক্টর অব লজ’ একটি সম্মানসূচক ডিগ্রি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য ব্যক্তিকেই এটি দিয়ে থাকে। তিনি যোগ্য হলে অবশ্যই এটি গ্রহণ করতে পারেন। কিন্তু রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি ‘সমাবর্তন বক্তা’ হওয়ার যোগ্যতা হারিয়েছেন।”
এ সময় তার সঙ্গে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন অর রশীদ, জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী, অধ্যাপক আশরাফ উদ্দিন আহমেদ, অধ্যাপক নাজমা শাহীন, অধ্যাপক কে এম সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ।
বিকেল তিনটায় একই দাবি নিয়ে উপাচার্যর সঙ্গে দেখা করতে আসেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ (রি--রো), জাসদ সমর্থক ছাত্রলীগ (স্ব--ত), বাংলাদেশ ছাত্রমৈত্রী, জাতীয় ছাত্র ঐক্য, জাতীয় ছাত্রধারা ও বাংলাদেশ ছাত্র সমিতির নেতারা ছিলেন এই দলে। এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে উপাচার্যর সঙ্গে দেখা করে একই দাবি জানান।
সাক্ষাৎ শেষে বেরিয়ে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের বলেন, “যে ব্যক্তি একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে আসেন না বরং জরুরি অবস্থার সুযোগে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন তিনি সমাবর্তন বক্তা হতে পারেন না।”
পরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতেও ইউনূসকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ না জানানোর দাবি তোলা হয়েছে। দফতর সম্পাদক ওমর ফারুক সাফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল ও সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এক বিবৃতিতে জানিয়েছেন, ‘রাজনৈতিক দল গঠন করে ও রাজনৈতিক নেতাদের সম্পর্কে ঢালাওভাবে আপত্তিকর অবিবেচক বক্তব্যের কারণে ইউনূস বিতর্কিত হয়ে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সর্বজনীন জাতীয় প্রতিষ্ঠান, তাই কোনো বিতর্কিত দলীয় নেতা রাজনৈতিক দল প্রতিষ্ঠার স্বার্থে এ প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে না।’
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ অবশ্য সমাবর্তন পেছানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, যে কোন উপায়ে যথাসময়েই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এর আগে একবার স্থগিত করা হলেও আর পেছানো হবে না।
তবে ‘সমাবর্তন বক্তা হিসেবে ইউনূস আসবেন কিনা’ÑÑ এ প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি । তিনি বলেন, “এর আগে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলে সকলের উপস্থিতিতেই ইউনূসকে সমাবর্তন বক্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একাডেমিক কাউন্সিলে মোট ১৮৩ জন শিক্ষকের মধ্যে মাত্র পাঁচজন শিক্ষক এ ব্যাপারে বিরোধিতা করেছিলেন।”
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, সমাবর্তন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এই বিজ্ঞপ্তিতে আগামী ২৭ ফেব্রুয়ারি সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
