খালেদা--হাসিনার সঙ্গে দুর্নীতি ও নির্বাচন নিয়ে কথা বলেছেন শ্যাবেট
আমেরিকান প্রতিনিধি পরিষদের সদস্য স্টিভ শ্যাবেট বৃহস্পতিবার খালেদা জিয়া এবং শেখ হাসিনার দেখা করে নির্বাচন ও সরকারের দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে আলোচনা করেছেন।
স্টিভ শ্যাবেট বনানীর হাওয়া ভবনে বিকেল পাঁচটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে প্রায় এক ঘন্টা আলোচনা করেন।
বৈঠকের পর কংগ্রেসম্যান স্টিভ শ্যাবেট সাংবাদিকদের বলেন,“যুক্তরাষ্ট্র বাংলাদেশে যতদ্রুত সম্ভব নির্বাচন চায়।”
তিনি তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কার্যক্রম বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান।
বিএনপির যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন,“আগামী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দূর্নীতির প্রসঙ্গটিও আলোচনায় স্থান পেয়েছে।”
এর আগে স্টিভ শ্যাবেট বিকালে সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি বিকাল সোয়া ৩ টায় সুধা সদনে আসেন এবং প্রায় এক ঘন্টা সেখানে ছিলেন।
বৈঠক শেষে শ্যাবেট সাংবাদিকদের বলেন, বাংলাদেশের দুনীর্তি নিয়ে তিনি হাসিনার সঙ্গে আলোচনা করেছেন।
তিনি বলেন,“আমরা আশা করি বাংলাদেশ দুর্নীতি থেকে বেরিয়ে আসবে। গণতন্ত্র শক্তিশালী হলে দুর্নীতি কমবে এবং বাংলাদেশে আমেরিকান বিদেশী বিনিয়োগ বাড়বে।”
পরে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন,“ বৈঠকে চট্টগ্রাম বন্দরের ব্যবহার সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে।”
দুই নেত্রীর সঙ্গে বৈঠকেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শ্যাবেটের সঙ্গী ছিলেন।
