ভাষা শহীদদের প্রতি জাতির ফুলেল শ্রদ্ধা
একুশে ফেব্র“য়ারি। বাঙালির জাতীয় ইতিহাসের এক বেদনার দিন, গৌরবের দিন। মায়ের ভাষার সম্মান রক্ষায় বাঙালির অসাধারণ আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর এই দিনটিকে ঘিরে বাঙালির শোক আর শ্রদ্ধার উৎসব শুরু হয়েছে যথারীতি ফুলে ফুলে, গানে গানে।
মঙ্গলবার মধ্যরাতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভুলিতে পারি’--- প্রভাতফেরির এই অবিস্মরণীয় গানের সুর আর হাত ভরা ফুলের অঞ্জলিতে হাজারো মানুষের মিছিল গিয়ে মিলেছে শহীদ মিনারে।
সন্ধ্যা থেকেই শহীদ মিনারকে ঘিরে ছিল নিরাপত্তার ঘেরাটোপ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ৬টার পর থেকেই। নীলক্ষেত মোড়, কিংবা চানখারপুলের মোড় থেকে পলাশী ঘুরে কেবল হেঁটেই ঢুকতে হয়েছে শহীদ মিনারে। বেরিয়ে যাওয়ার পথ ছিল দোয়েল চত্বর ঘুরে হাইকোর্ট অথবা চানখারপুলের দিক থেকে। কিন্তু তাতেও আটকানো যায়নি মানুষের ঢল।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথম ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। এরপরই প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। ভিআইপিদের আনুষ্ঠানিকতার পালা শেষ হলে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পালা। তবে এককভাবে নয়, প্রভাতফেরীতে দলবদ্ধ হয়েই কেবল শহীদ মিনারে ঢোকার ব্যবস্থা ছিল।
একুশে ফেব্র“য়ারি অবশ্য এখন আর কেবল আমাদের শহীদ দিবস নয়। এখন এটা এক আন্তর্জাতিক উৎসবের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৯৯ সালের নভেম্বর মাসে একুশে ফেব্র“য়ারিকে এই স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। প্রস্তাবটা ছিল বাংলাদেশেরই, তবে প্যারিসে ইউনেস্কোর ১৭তম সাধারণ সম্মেলনে ওঠা এই প্রস্তাবে সমর্থন ছিল মোট ২৮টি দেশের। সেই থেকে সারা বিশ্ব জুড়েই একুশে ফেব্র“য়ারি পালিত হচ্ছে এক বিশেষ মর্যাদায়।
কিন্তু বাংলাদেশের কথাটা তারপরও আলাদাই। একুশে ফেব্র“য়ারি যে বাঙালির আত্মপরিচয়ের সন্ধান। বাঙালির জাতীয় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই স্মৃতিময় দিনটি এবার এসেছে দারুণ এক সংকটের কালে। বাংলাদেশ যে এই মুহূর্তে অতিক্রম করছে এক ক্রান্তিকাল, পরিবর্তনের এই সময়ে সঠিক পথে চলতে নিতে একুশের চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে?
১৯৫২ সালের এই দিনে ঢাকা মেডিকেল হোস্টেল গেটের সামনে ভাষার দাবিতে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ আর আব্দুল জব্বার। ওই দিনই আহত হয়ে ৭ এপ্রিল মারা যান আব্দুস সালাম।
একুশের চেতনার বীজ কিন্তু কেবল এই একটি দিনের ঘটনাতেই নয়। আরো অনেক গভীর এর তাৎপর্য, আরো অনেক বি¯তৃত বাঙালির জীবনে এর প্রভাব।
মানুষের সভ্যতার ইতিহাস বলছে, ভাষাকে ঘিরেই এর বিকাশ। আর মানুষ এই ভাষার প্রথম পাঠ নেয় মায়ের কাছ থেকেই। মায়ের ভাষার গুরুত্বটা তাই অন্য রকম। কিন্তু ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রথমে সেটা বুঝতে চাননি পাকিস্তানের প্রবক্তারা। পাকিস্তানের বেশির ভাগ মানুষের মায়ের ভাষা বাংলাকে উপেক্ষা করে তারা কেবল উর্দুকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিলেন।
এটা কিন্তু কেবল ভাষারই প্রশ্ন ছিল না। বাঙালি ঠিকই বুঝতে পেরেছিল, এটা আসলে জাতিগত নিপীড়নেরই এক হাতিয়ার। তাই শুরু থেকেই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। সেই ১৯৪৮ সাল থেকেই। ১৯৫২ সালের একুশে ফেব্র“য়ারি ছিল সেই ধারাবাহিক আন্দোলনেরই একটি পর্যায়। তবে রফিক--জব্বার--সালাম--বরকতদের আত্মত্যাগ এই অধ্যায়টাকে দিয়েছে অন্য রকম উজ্জ্বলতা।
১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার সিদ্ধান্ত নিয়ে গুলির সামনে বুক পেতে দেওয়া এই শহীদদের আত্মত্যাগে ¯ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। এই ঘটনার একদিন পর ২৩ ফেব্র“য়ারি মেডিকেল কলেজ হোস্টেলের সামনে গড়ে তোলা হয় প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। ২৬ তারিখে পুলিশ সেটা গুঁড়িয়ে দিলেও বাঙালির স্মৃতিতে অম্লান হয়ে থেকেছে স্মৃতির মিনার। তারই পথ ধরে আন্দোলনের ফসল হিসেবে ১৯৫৬ সালে সরকারিভাবেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শহীদ মিনার।
আর এরপর থেকে বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থেকেছে একুশে ফেব্র“য়ারি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন আর সবশেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ--- সব আন্দোলনেই আলোর দিশারী হয়ে ছিল এই একুশে ফেব্র“য়ারি।
বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের এই প্রতিটি স্তরেই রাজনীতি আর সংস্কৃতির বিচরণ ছিল পাশাপাশি।
সেই প্রেরণা হারিয়ে যায়নি এখনো। এবারের একুশে ফেব্র“য়ারি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মনে করিয়ে দিয়েছেন সে কথাই, “সকল অন্যায়, অবিচার, অসত্য ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মহান ভাষা দিবস আমাদের দৃপ্ত চেতনায় উদ্বুদ্ধ করে।”
তিনি আশা প্রকাশ করেছেন, একুশের চেতনা আমাদের সবার মধ্যে ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন রচনা করবে।
একই আশা প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের বাণীতেও, “জাতি হিসেবে আজ আমাদের সামনে যে সকল কঠিন চ্যালেঞ্জ ও সংকট বিদ্যমান--- তা থেকে উত্তরণে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেম ও জাতীয় ঐক্য। আমার বিশ্বাস, অমর একুশের চেতনা মহান দেশপ্রেম ও জাতীয় ঐক্য গড়ে তুলতে আমাদের শক্তি ও সাহস যোগাবে।
