২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা আটক

চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার বিএনপি সভাপতি নোয়াব আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মতুর্জাকে যৌথবাহিনী সোমবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 11:42 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সেনা সুত্র জানিয়েছে, বিএনপি সভাপতি ও স্থানীয় পৌর চেয়ারম্যান নোয়াব আলীকে সোমবার রাত ১১টায় ও আওয়ামী লীগের সভাপতি বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মতুর্জাকে রাত ১টায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাত তিন টায় জীবন নগর থানায় সোপর্দ করা হয়েছে।

নোয়াব আলীর বিরুদ্ধে চোরাচালানী ও সন্ত্রাস লালন এবং গোলাম মতুর্জার বিরুদ্ধে চরমপন্থিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার তাদের আদালতে পাঠনো হবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

এদিকে সোমবার বিকেলে জীবন নগর পৌরসভার গুদাম থেকে ৭৩ পিস ঢেউটিন ও ৫০ পিস কম্বল জব্দ করেছে যৌথবাহিনী। গতবছরে শীতার্ত দুস্থদের বিতরণের জন্য এসব টিন ও কম্বল বরাদ্দ করা হয়েছিল। নোয়াব আলীকে প্রধান আসামী করে সোমবার বিকেলেই এ ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

জীবন নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, দুস্থদের ত্রাণ আত্মসাৎ ছাড়াও নোয়াব আলীর বিরুদ্ধে চোরাচালানী ও সন্ত্রাস লালন এবং গোলাম মতুর্জার বিরুদ্ধে চরমপন্থি লালনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।