মাঘের শেষে বৃষ্টি, ‘পুণ্যির’ আশায় মানুষ
যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুন্যি দেশÑÑখনার এই বচন ঢাকাবাসীর অনেকের মনে ভেসে উঠেছে বুধবার রাতে। কেউ ঘুমাতে যাওয়ার সময়, কেউ বা রিমঝিম শব্দে জেগে উঠে এই মাঘের শেষে বৃষ্টি দেখে শিহরিত হন। নিঃসন্দেহে অন্য এক অনুভূতিতে ছেয়ে যায় তাদের মন।
খনার বচনে বর্ণিত পুণ্যি নেমে আসবে আজকের বাংলাদেশে এই আশা সঞ্চারিত হয় অনেকের ভাবনায়। যুগ যুগ ধরে বাঙালিরা দেখেছে, মাঘের শেষে বৃষ্টি হলে ফসলের উপকার হয়। অতীতে এরকম সময় বৃষ্টি হলে কৃষকের মনে আনন্দের হিল্লোল বয়ে যেত। বৃষ্টি ভেজা জমির কোমলতা ছড়িয়ে পড়ত কিষানির মনে। জমি আর ফসলইতো তাদের জীবন।
বুধবার রাতে ঢাকায় বৃষ্টি পড়ে বেশ কিছুক্ষণ। দেশের আর কোথাও সৌভাগ্যের এই ধারা পরশ বুলিয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রাতের এই হঠাৎ বৃষ্টিতে নগরীর ভাসমান মানুষরা কিছুটা অসুবিধায় পড়লেও কৃষিকাজের সঙ্গে নাড়ির টানের কারণে তাদের মনও খুশিতে নেচে ওঠে।
