২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে প্রার্থীদের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে শুনানি মুলতুবি

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও  সম্পদের হিসাবসহ ব্যক্তিগত আট তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নিয়ে আপিলের শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বিভাগ শুনানি মুলতবির এই আদেশ দেন।

বুধবারের শুনানিতে রিট আবেদনকারী পক্ষে ড. কামাল হোসেন বলেন, নির্বাচনে প্রার্থীদের আটটি তথ্য জমা নেওয়া হলে নির্বাচন অনেক স্বচ্ছ হবে।

আপিলকারী আবু ছাফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আদালতে তলব করার আবেদন জানিয়ে ড. কামাল আরও বলেন, আপিল দায়েরের ক্ষেত্রে আদালতের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ প্রতারণার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

ড. কামাল বলেন, আবু ছাফা তার আবেদনে বলেছেন, তিনি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু সন্দ্বীপে খোজ নিয়ে জানা গেছে তিনি কোনো মনোনয়নপত্র দাখিল করেননি। আদালতে মিথ্যা বলে তিনি আট দফা তথ্য সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করিয়েছেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত, “ছাফার পরিবার হেসেই খুন” শিরোনামের প্রতিবেদন আদালতে দাখিল করে ড. কামাল বলেন, সন্দ্বীপে আবু ছাফাকে কেউ চেনে না। তার বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে।

২০০৫ সালের ২৪ মে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্য নিতে নির্দেশ দেয়। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দীপের জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই আপিল বিভাগে লিভ-- টু-- আপিল দায়ের করেছিলেন। গত বছর ৬ এপ্রিল আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও তখন কোন স্থগিতাদেশ দেয়নি।