২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নকল ওষুধ ও পণ্য তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

সাভার পৌর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে নকল ওষুধ ও পণ্যের চারটি কারখানার সন্ধান পেয়েছে। অভিযানের সময় নকল ওষুধ ও পণ্যসহ এসব তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর ‍প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার বিকেলে সেনাবাহিনীর সাভার ক্যাম্পের লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পৌর এলাকার নামাবাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি কারখানা থেকে নকল চিপস্, হুইল পাউডার, চানাচুর, বিস্কুট, সার্ফ এক্সেল, ট্যাংক, টোস্ট, ডায়ালস্টসহ বিভিন্ন পণ্যসামগ্রী ও দুটি হিট মেশিন উদ্ধার করে। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক করিম দেওয়ান পালিয়ে যান।

করিম দেওয়ানের স্ত্রী আমেনা বেগম জানান, এক বছর ধরে তারা নকল পণ্য তৈরি করছে।

যৌথবাহিনী এরপর দক্ষিণ বাজার মাদ্রাসা রোডের এফ ব্লকের ১০৬ নং আজমিরী প্যালেস বাড়িতে অভিযান চালিয়ে কিম এ্যাগ্রোভেট নামের নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায়। সেখান থেকে বিপুল পরিমাণ নকল কমপ্লেক্স-বি-ফোর্ড, ক্যালডিমিক্স-ডিএস, এলডিসি সুপার, এডিথ্রি-ই সুপার ওষুধসহ ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার এবং কিম এ্যাগ্রোভেট ওষুধ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন তালুকদার ও পরিচালক রতন চন্দ্র নাথকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন তালুকদারের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী এফ-৯৯/৭ বাড়িতে অভিযান চালিয়ে ‘রবি এন্ড রচি এ্যাগ্রো বিজনেস’ নামের অপর একটি নকল ওষুধ তৈরির কারখানা থেকে ১৫০ বস্তা নকল ওষুধ তৈরির পাউডার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।

এছাড়া, শুক্রবার রাতে পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার জালালের বাড়িতে অভিযান চালিয়ে নকল পণ্য তৈরির একটি কারখানা গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী।

সাভার থানার এস আই আমিনুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।