ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারক রিক্রুটিং সংস্থা আত্মসাৎ করা অর্থ চলতি সপ্তাহের মধ্যে ফেরত না দিলে পরের সপ্তাহ থেকে আমরণ অনশনের হুমকি দিয়েছেন মালয়েশিয়া ফেরত ২৫ জন বাংলাদেশি শ্রমিক।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা ঘোষণা করেন তারা।
শ্রমিকদের একজন মিনহাজ আহমেদ সাংবাদিকদের বলেন, "বাংলাদেশি রিক্রুটিং সংস্থা কবির এন্টারপ্রাইজ মালয়েশিয়ার আই এইচ টেকনোলজি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়। কিন্তু বাস্তবে ওই নামে মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।"
মিনহাজ জানান, স্ত্রী গহনা বিক্রি করে অর্থ পাঠানোর পর তিনি দেশে ফিরতে পেরেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রমিকরা অভিযোগ করেন, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে বরং রিক্রুটিং সংস্থার স্বার্থ দেখেছে।
শ্রমিক মো. মোজাম্মেল হক সাজ্জাদ বলেন, "কবির এন্টারপ্রাইজের দুলাল নামের এক মধ্যস্থতাকারী মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে একশ বাংলাদেশিকে বিক্রি করে। ওই প্রতিষ্ঠানে আমরা ছয় মাস কাজ করেছি।"
অন্য এক ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, কবির এন্টারপ্রাইজ তার ছেলে ও জামাতাকে মাসে আটশ রিঙ্গিত (মালয়েশিয় মুদ্রা) বেতনের কথা বলে নিয়ে গেলেও, সেখানে গিয়ে দুই থেকে আড়াইশ রিঙ্গিতের বেতনে কাজ দেয়।
রফিক বলেন, "এ সপ্তাহের মধ্যে কবির এন্টারপ্রাইজের কাছ থেকে টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে আগামী সপ্তাহ থেকে আমরা আমরণ অনশনে যাব।"
সংবাদ সম্মেলনে শ্রমিক নাজমুল হোসেন খান জানান, মালয়েশিয়ায় যাওয়ার জন্য তারা সবাই গড়ে দু'লাখ টাকা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১৩৬ ঘ.
bdnews24