ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- হঠাৎ ভেঙ্গে পড়া র্যাংগস ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩টি লাশ রয়েছে বলে পুলিশ জানালেও উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।
রোববার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং তেজগাঁও থানা এ তথ্য দিয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষক দেবাশীষ বর্ধন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাকিব হাসান ও সৈয়দ ইশতিয়াক আহমেদ ভবন এলাকা পরিদর্শন করে এটিকে ঝুঁঁঁঁকিপূর্ণ ঘোষণা করেন। একই সঙ্গে তারা কাজ বন্ধ রাখার পরামর্শ দেন।"
তিনি বলেন, "সকালে দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই এলাকা পরিদর্শন করেছেন। তারা ড. রাকিবের পরামর্শ অনুযায়ী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী কাজ বন্ধ রয়েছে।"
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মোটামুটি নিশ্চিত যে ভেতরে কমপক্ষে ৩টি লাশ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো লাশ থাকতে পারে।"
সরকারের পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাকিব হাসান ও সৈয়দ ইশাতিয়াক আহমেদ রোববার সকালে র্যাংগস ভবন পরিদর্শ করেন। ভবনের কিছু বিষয় পরীক্ষা করে দেখার পর বেলা সাড়ে ১১টার দিকে তারা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।
দমকল বিভাগের প্রশিক্ষক দেবাশীষ বলেন, "বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, ঝুঁকিপূর্ণ এই ভবনে ভাইব্রেশন দিয়ে কোনো কাজ করা যাবে না। এতে আরো বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।"
এদিকে ভবন প্রাঙ্গণে র্যাংগসের মহাব্যবস্থাপক কর্পোরেট কুতুব উদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি অফিসের মালামাল রাখার জন্য সরকারের কাছে জায়গা চেয়েছেন। তিনি বলেন, "আদালত র্যাংগস ভবনের ৬ তলা রেখে অবশিষ্ট অংশ ভেঙ্গে ফেলার জন্য রায় দিয়েছিল। কিন্ত এখন পুরো ভবনটিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় আমাদের শত শত কর্মকর্তা কর্মচারী রাস্তায় দাঁড়িয়ে আছে। এ মূহূর্তে অফিসের মালপত্র রাখার জায়গাও নেই। আমাদের জন্য এই ব্যবস্থা সরকারকেই করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এএইচডি-ইএইচবি/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24