ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ নয়মাস যুদ্ধের পর ১৯৭১ এর ৮ ডিসেম্বর ঝালকাঠি ও কুমিল্লা শহর পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঝালকাঠি ও কুমিল্লায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হয়।
আমাদের সাংবাদিকদের পাঠানো খবর--
ঝালকাঠি: পাক হানাদার বাহিনীর কবল থেকে ঝালকাঠি মুক্ত হয়েছিল ৮ ডিসেম্বর। এদিন পাক বাহিনী ঝালকাঠি শহর ছেড়ে গেলে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে।
২৭ এপ্রিল পাক বাহিনী ঝালকাঠি শহরে আসার পর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কয়েকটি বড় যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে পাক হানাদারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভয়াবহতম সম্মুখ যুদ্ধটি হয়েছিল ১৪ নভেম্বর।
এছাড়াও ঝালকাঠিতে সংঘটিত অন্যান্য বড় যুদ্ধগুলোর মধ্যে আছে পেয়ারা বাগানের যুদ্ধ, মাদ্রার যুদ্ধ, বীমরুলির ও দরগাবাড়ির যুদ্ধ।
কুমিল্লা: ৮ ডিসেম্বর কুমিল্লা পাকবাহিনীর দখল মুক্ত হয়। এদিন ভোরে মুক্তিযোদ্ধারা শহরের চকবাজার, টমছুমব্রীজ ও গোমতীর পাড়ের ৫টি পাড়া দিয়ে শহরে প্রবেশ করে। এ সময় রাস্তায় নেমে আসে জনতা।
ওই দিনই বিকেলে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন মাঠে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা ওঠানো হয়।
দিনটি পালন উপলক্ষে সকালে কুমিল্লা শহরে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক মো. মনজুরুর রহমান কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালির উদ্বোধন করেন।
র্যালীতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কুমিল্লা বিশ্ব বিদ্যালয় বিভিন্ন স্কুল কলেজ ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24