রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাজাপ্রাপ্ত চার শিক্ষকের মুক্তি চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৭১ শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত আবেদন শনিবার প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
দুপুরে ফ্যাক্সযোগে পাঠানো ওই আবেদনে অধ্যাপক মলয় কুমার ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তাদের মুক্তির ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করা হয়।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরাই মূলত এ গণস্বাক্ষর অভিযানের উদ্যোগ নেয়। তবে এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বাক্ষর রয়েছে।
আবেদনে বলা হয়, অধ্যাপক মলয় কুমার ভৌমিক আদর্শ শিক্ষকের মূর্ত প্রতীক হিসেবে ছাত্র মহলে পরিচিত। বিভাগীয় সভাপতি হিসেবে তার কর্মদক্ষতার কারণে মাত্র দুই বছরেই ব্যবস্থাপনা বিভাগ সেশনজটমুক্ত হয়েছে। মাত্র ১৫ বছর বয়েসেই মলয় ভৌমিক মুক্তিযুদ্ধে অংশ নেন। '৯০ এর গণঅভ্যূত্থানেও তার ভূমিকা উল্লেখযোগ্য। তার রচনা ও নির্দেশনার বহু নাটক দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
আবেদনে আরো বলা হয়, গণযোগাযোগ বিভাগের সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুন বিভাগের সফল শিক্ষক। প্রগতিশীল চিন্তাধারার ধারক ও বাহকও তারা। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের যথেষ্ট অবদান রয়েছে।
শিক্ষার্থীরা জানায়, চার শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি তাদের অভাবও অনুভব করছে সবাই। তাই শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখারসহ দেশের স্বার্থে আটক শিক্ষকদের নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন।
আগস্টের ছাত্র বিক্ষোভের সময় জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার আদালত মলয় কুমার ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনকে দুই বছর করে কারাদণ্ড দেয়।
ওই রায়ের পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার শিক্ষকের মুক্তির দাবিতে ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24