ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--৬ ডিসেম্বর বৃহস্পতিবার ঐতিহাসিক গণতন্ত্র দিবস। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের এ দিনে স্বৈরশাসক জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নেন।
গণতন্ত্রের জন্য আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর তিনটি জোটের রূপরেখা অনুযায়ী প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে গঠন করেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এরই মধ্য দিয়ে দেশে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি প্রতিষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি বিবৃতি দিয়েছে। তবে দৃশ্যত জরুরি অবস্থার কারণে দিনটিতে তাদের কোনো কর্মসূচি নেই।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুৃর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাদের বিবৃতিতে গণতন্ত্র মুক্ত দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জিল্লুর রহমান স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমাদের গণতন্ত্রের সংগ্রামে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।" জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র দীর্ঘস্থায়ী হবে এবং এ দেশের মানুষ সকল অশুভ শক্তির কবল থেকে মুক্তি পাবে বলে তিনি বাণীতে আশা প্রকাশ করেন।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দিনটিকে 'গণতন্ত্র দিবস' হিসাবে উল্লেখ করে এক বাণীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, "৬ ডিসেম্বর আমাদের স্মরণ করিয়ে দেয় অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কোন বিকল্প নেই।" খোন্দকার দেলোয়ার এই দিনে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, "তার নেতৃত্বেই আবারও গণতন্ত্রের বিজয় সূচিত হবে।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এম সাইফুর রহমান এবং অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন এক যুক্ত বিবৃতিতে দিবসটির 'চেতনায় উজ্জ্বীবিত হয়ে' এর সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক আইন জারি করে রাষ্ট্রপতির দায়িত্বভার নেন। এরপর পর্যায়ক্রমে রাজনৈতিক জোট ও দল গঠন করে দীর্ঘ নয় বছর তিনি দেশ শাসন করেন। আওয়ামী লীগের ১৫ দলীয় জোট, বিএনপির ৭ দলীয় জোটসহ বিভিন্ন দলের নেতৃত্বে রক্তক্ষয়ী গণআন্দোলনর তুঙ্গে উঠলে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করার ঘোষণা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসএনডি/এসকে/২০০১ঘ.
bdnews24