ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশে ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রম দুই সপ্তাহ বা তার চেয়ে কিছু বেশি সময় চলতে পারে বলে জানিয়েছেন ত্রাণকাজের জন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল রোনাল্ড এল বেইলি।
রোববার রোনাল্ড বেইলি সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যত দিন পর্যন্ত আমাদেরকে প্রয়োজন আছে কেবল তত দিনই আমরা থাকবো ।"
জেনারেল বেইলি বলেন, সাধারণত এ ধরনের কার্যক্রম শেষ হতে দুসপ্তাহের মতো সময় লাগে।
গত ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস কিয়ারসার্জ সিডর দুর্গতদের সহায়তার জন্য বাংলাদেশে আসে। বেইলি জানান, নতুন জাহাজ ইউএসএস টারাওয়া দুই থেকে তিন দিনের মধ্যে এসে পৌঁছাবে এবং কিয়ারসার্জের পরিবর্তে দায়িত্ব নেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২১২৮ঘ.
bdnews24