ঢাকা, নভেম্বর ২৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যদের বহন করা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
শনিবার ভোরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের কাছে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
নিহত পুলিশ সদস্য হলেন, কনস্টেবল জাহাঙ্গীর আলম (২৪)।
আহত চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকীদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন, নায়েক আবুল বাশার (৪৫), কনস্টেবল শরীফুল হক (২৪),আজিমউদ্দিন (২৫) ও মনসুর (২৬)।
দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৫টায়। এ সময় মিনিবাসটিতে ২৫ থেকে ২৬ জন পুলিশ সদস্য ছিলেন। বাসটি উল্টে যাওয়ার পর পর চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''রাতে দায়িত্ব পালনের পর ভোরের দিকে পুলিশ সদস্যদের রাজারবাগ ব্যারাকে নেওয়ার পথে মিনিবাসটি দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24