২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি হচ্ছে চট্টগ্রামেও, দুই লাখ লোক আশ্রয় কেন্দ্রে

হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; থেমে থেমে বৃষ্টি সেইসঙ্গে ঝড়ো হওয়া বইছে। বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত চট্টগ্রামের পাঁচটি উপকূলীয় উপজেলার প্রায় ২ লাখ লোককে ৩৬৮টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফ শামীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 07:12 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হারিকেনের তীব্রতাসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে; থেমে থেমে বৃষ্টি সেইসঙ্গে ঝড়ো হওয়া বইছে। বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত চট্টগ্রামের পাঁচটি উপকূলীয় উপজেলার প্রায় ২ লাখ লোককে ৩৬৮টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফ শামীম। ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর বুধবার রাত থেকেই চট্টগ্রামের উপকূলীয় এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের পরিস্থিতি ছিল থমথমে। প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। নগরীর রাস্তায় অল্প কিছু গাড়ি চলাচল করছে। বুধবার রাত ১০টা থেকে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উপকূল সংলগ্ন নগরীর ৮টি ওয়ার্ডের লোকজন বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় বুধবার রাত থেকেই চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করে। জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় প্রতিটি উপকূলীয় উপজেলায় তাৎক্ষণিকভাবে ৫ মেট্রিক টন চাল এবং নগদ ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল এবং বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বর্হিনোঙ্গর থেকে বন্দরে জাহাজ আসা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্ণফুলী নদীতে অবস্থানরত ২৪৩টি লাইটারেজ জাহাজকে নদীর উজানে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার রাত ১০টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা। এছাড়া চট্টগ্রামে থাকা বিমান বাহিনীর সব উড়োজাহাজ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩৮ ঘ.