ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে ধেয়ে আসায় মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার দুপুর নাগাদ খুলনা ও বরিশালের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। দেশের উপকূলীয় জেলাগুলো, দ্বীপ ও চর ১২ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর প্রচণ্ড উত্তাল। বুধবার রাত ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় ৭০৫ কিলোমিটার ও ৬২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দরের ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় আঘাত করলে পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঝড়ের সার্বক্ষণিক খবারখবর আদান প্রদানের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফোন নম্বর হচ্ছে ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ এবং ৭১৬৪১১৫। (আরও তথ্যসহ-৮)
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়টি আরও শক্তিসঞ্চয় করে বৃহস্পতিবার দুপুর নাগাদ খুলনা-বরিশাল উপকূল অতিক্রম করতে পারে।
মংলা সমুদ্র বন্দরের পাশাপাশি ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদুরবর্তী দ্বীপ ও চর ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আসবে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা ও দুরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আসবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার ওপর দিয়ে বৃহস্পতিবার সকাল নাগাদ ১২০ থেকে ১৫০ কিলোমিটার বা তার চেয়ে বেশি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় তা ঘণ্টায় ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে ১২ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নিখিল রঞ্জন রায় বুধবার রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘূর্ণিঝড়টি দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে নগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেন্টমার্টিনে আটকে পড়েছে শতাধিক পর্যটক। ঘূর্ণিঝড় মোকাবেলার প্রাক-প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল এবং বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বর্হিনোঙ্গর থেকে বন্দরে জাহাজ আসা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্ণফুলী নদীতে অবস্থানরত ২৪৩টি লাইটারেজ জাহাজকে নদীর উজানে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। বুধবার রাত ১০টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা।
চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বুধবার রাত পৌনে দশটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূলীয় উপজেলাগুলোতে জনগণকে সর্তক করে মাইকিং করা হচ্ছে। জেলার মোট ৫২৬টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজনকে আনা শুরু হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনও উপকূল সংলগ্ন ৮টি ওয়ার্ডে মাইকিং শুরু করেছে। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মঞ্জুর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপকূল ও নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং এবং লোকজনকে গাড়ি করে নিকটবর্তী সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
চট্টগ্রামে থাকা বিমান বাহিনীর সব উড়োজাহাজ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। রাত ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সাজ্জাদ হোসেন জানান, "বিমান বাহিনীর সব বিমান ইতিমধ্যেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।"
রাত আটটার পর মংলা বন্দরেরও সব কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এসআইডিআর' ঘূর্ণিঝড়টি ৪ দশমিক ৫ মাত্রার। যা হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়কে বোঝায়।
ব্রিটিশ ঝড় পূর্বাভাস ব্যবস্থা ট্রপিক্যাল স্টর্ম রিস্ক জানিয়েছে, 'এসআইডিআর' নামের ঘূর্ণিঝড়টি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার সমান শক্তিসম্পন্ন।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সাজেদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "যেহেতু এটিকে হারিকেন পর্যায়ের বলা হয়েছে তাই বোঝা যায় এটা শক্তির দিকে থেকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর থেকে তীব্র ঝড় সাধারণত আর হয় না।"
দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নিখিল রঞ্জন রায় রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপকূলীয় প্রতিটি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড়টি দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে।"
রাতে সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, সরকার দেশের সকল উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে। লোকজনের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক ও উদ্ধারকারী দল।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপকূলীয় ১১টি জেলায় পরিস্থিতি মোকাবেলার জন্য ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে।
১৯৭০ সালে নভেম্বর মাসে এক ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ওই সময় ঘণ্টায় ২২২ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প
bdnews24